মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্র বাদ দিয়ে মেক্সিকোকে বেছে নিয়েছে ইরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:২৩ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র বাদ দিয়ে মেক্সিকোকে বেছে নিয়েছে ইরান

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো আয়োজন করা হবে যুক্তরাষ্ট্রে। তবে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। তাদের ম্যাচগুলো কানাডা অথবা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি তুললেও রাজি হয়নি ফিফা।

তবে ইরানকে বিশেষ এক সুবিধার ব্যবস্থা করে দিয়েছে ফিফা। ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে না পারলেও অনুশীলন ক্যাম্প পরিবর্তন করেছে তারা। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে ক্যাম্প করার কথা থাকলেও, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বদলে মেক্সিকোকে বেছে নিয়েছে তারা।


বিজ্ঞাপন


সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আমাদের কাছে এ অনুরোধ জানিয়েছে। যুক্তরাষ্ট্র চাইলেও ইরান দল পুরো টুর্নামেন্টজুড়ে সেখানে থাকতে রাজি হয়নি, যদিও তাদের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা।

শেইনবাউম বলেন, তাদের মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো কারণ আমরা দেখি না।

এদিকে ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানান, বিশ্বকাপে দলের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় নেওয়া হবে। এতে ভিসা জটিলতা এড়ানো সহজ হবে এবং দলটি সরাসরি ইরান এয়ারের ফ্লাইটে মেক্সিকোতে যাতায়াত করতে পারবে।

ফেডারেশন সভাপতি মেহদি তাজ বলেন, বিশ্বকাপের বেস ক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়। ইস্তাম্বুলে বৈঠক এবং তেহরান থেকে ফিফার সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর মেক্সিকোতে ক্যাম্প নেওয়ার আবেদন অনুমোদন পায়।

নতুন পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকোর তিজুয়ানা শহরে ঘাঁটি গড়বে ইরান দল, যাকে ফুটবল বিশ্বে টিম মেল্লি নামে ডাকা হয়। ক্যালিফোর্নিয়া সীমান্ত সংলগ্ন হওয়ায় যাতায়াতে সুবিধা পাবে দলটি। একই সঙ্গে সেখানে জিমনেসিয়াম, রেস্তোরাঁসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে সূচি অনুযায়ী, ইরান গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে।

টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান। আগের আসরগুলোতে গ্রুপ পর্ব পেরোতে না পারলেও, এবার নতুন প্রস্তুতিতে সেই লক্ষ্য পূরণের আশায় রয়েছে দলটি।

সূত্র: রয়টার্স

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর