দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে মরিয়া স্পেন নিজেদের চূড়ান্ত যুদ্ধসজ্জা সম্পন্ন করেছে। মাদ্রিদের ঐতিহ্যবাহী টেলিফোনিকা ভবনে সোমবার দুপুরে জমজমাট সংবাদ সম্মেলনে কোচ লুইস ডি লা ফুয়েন্তে ঘোষণা করেছেন ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল। কেপ ভার্দের বিপক্ষে মূল ম্যাচের ঠিক তিন সপ্তাহ আগে এই ঘোষণা এসেছে, যা লা রোজাদের সমর্থকদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।
দীর্ঘদিন ধরে স্থিতিশীল দল নিয়ে কাজ করায় স্কোয়াডের মূল কাঠামো ছিল অনেকটাই নির্ধারিত। তবে শেষ পর্যন্ত গোলরক্ষক ও রক্ষণভাগ নিয়ে ছিল জল্পনা-কল্পনা। গোলরক্ষক পজিশনে জোয়ান গার্সিয়া ও আলেক্স রেমিরোর ভূমিকা নিয়ে আলোচনা চললেও, রক্ষণে এরিক গার্সিয়া ও মার্ক পুবিল শেষ মুহূর্তে চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন।
বিজ্ঞাপন
তবে মাঝমাঠে এসেছে অপ্রত্যাশিত আঘাত। ইনজুরির কারণে ফেরমিন লোপেজকে হারিয়ে দলে ডাক পেয়েছেন বার্সেলোনার তরুণ তারকা গাভি। আক্রমণভাগে রাখা হয়েছে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে। তবে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে তাদের পূর্ণভাবে পাওয়া নিয়ে রয়েছে সংশয়।
অভিজ্ঞতা আর তরুণ প্রাণশক্তির অনন্য মেলবন্ধনে গড়া এই স্প্যানিশ দলটি কোচ ডি লা ফুয়েন্তের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনতে প্রস্তুত।
স্পেনের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।
রক্ষণভাগ: মার্ক কুকুরেয়া, অ্যালেক্স গ্রিমাল্দো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে এবং পেদ্রো পোরো।
মধ্যমাঠ: পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রি হার্নান্দেজ, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।
আক্রমণভাগ: মিকেল ওয়ারজাবাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্জা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ এবং লামিন ইয়ামাল।




