আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের গ্রুপ অপরিবর্তিত রাখায় স্বস্তি প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হাইনরিখ মালান। তিনি বলেছেন, গ্রুপ বদল হলে দলের প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়তো।
ঘটনার শুরু হয় যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। এরপর বিসিবি আইসিসির কাছে প্রস্তাব দেয় যে, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করে বাংলাদেশকে শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলতে দেওয়া হোক। কিন্তু আইসিসি এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড দুই পক্ষই এই প্রস্তাব নাকচ করে দেয়। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।
আয়ারল্যান্ড এখন গ্রুপ বি-তে রয়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষরা হলো সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং ওমান। আয়ারল্যান্ডের সবকটি গ্রুপ পর্বের ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে। শ্রীলঙ্কার পিচগুলো ভারতের তুলনায় তুলনামূলকভাবে মন্থরগতির এবং স্পিন-বান্ধব। গ্রুপ বদল হলে তাদের খেলতে হতো ভারতের কলকাতা, মুম্বাইয়ের মতো পিচে, যেগুলোর চরিত্র শ্রীলঙ্কার থেকে আলাদা।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মালান বলেন, “আমরা তো টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ধরেই প্রস্তুতি নিচ্ছি। শ্রীলঙ্কার বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং মানসিকতা গড়ে তোলাই আমাদের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও যোগ করেন, “পরিস্থিতি, ম্যাচের অবস্থা আর প্রতিপক্ষ যা সামনে আসবে, সেগুলোর সঙ্গে মানিয়ে খেলতে চাই। এতে করে আমাদের খেলোয়াড়রা মুক্তভাবে খেলতে পারবে। বিশ্বকাপের আগে এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য।”
বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে, এবং আয়ারল্যান্ড দল এখন শ্রীলঙ্কার পরিবেশে মানিয়ে নিয়ে ভালো প্রস্তুতি নিচ্ছে।
এসটি




