বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফাইনালের আগে রিয়ালের সঙ্গে ইংল্যান্ডের তুলনা করলেন ওয়াটকিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

ফাইনালের আগে রিয়ালের সঙ্গে ইংল্যান্ডের তুলনা করলেন ওয়াটকিন্স

ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্পেনের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। শিরোপার লড়াইয়ে নামার আগে এবারের আসরে ইংল্যান্ড দল অনেকটা রিয়াল মাদ্রিদের মতই খেলেছে বলেই জানিয়েছে ইংলিশদের ফাইনালে তোলার নায়ক ওলি ওয়াটকিন্স।

সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিট পরও সমতায় শেষ হওয়ার দিকেই এগোচ্ছিল। কিন্তু বদলি হিসেবে খেলতে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ওয়াটকিন্স। ইংলিশ এই তরুণ ফুটবলার মাঠে নেমেই দুর্দান্ত এক গোলে শেষমুহূর্তে দলকে এগিয়ে দেন। ফলে ২-১ গোলের জয়ে ফাইনালে ওঠে ইংলিশরা।

এদিকে এবারের আসরে ইংল্যান্ড খুব একটা ছন্দময় ফুটবল খেলতে পারেনি। হ্যারি কেইনরা ছন্দে না থাকলেও গ্যারেথ সাউথগেটের শিষ্যরা ঠিকই নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। এবারের আসরে ইংল্যান্ডের পারফর্ম্যান্সের অবস্থা বুঝাতে গিয়ে তাই রিয়াল মাদ্রিদের প্রসঙ্গই টেনেছেন ওয়াটকিন্স।

ক্লাব ফুটবলের শ্রেষ্ঠতম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ক্লাব রিয়াল। এ টুর্নামেন্টে অসংখ্যবার প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল। হারের দ্বারপ্রান্তে থাকলেও কোনো না কোনোভাবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের সঙ্গে তুলনা টেনে ওয়াটকিন্স বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে দেখুন; বল ছাড়াও স্বাচ্ছন্দ্যে থাকে। বল পেলেই গোল করবে এমন আত্মবিশ্বাস থাকে তাদের। এখানেও (ইংল্যান্ড দলে) একই অনুভূতি হচ্ছে। আমাদের হারানো অবশ্যই কঠিন, এরপর কেবল একটি সুযোগ দরকার আমাদের এবং তাতেই ম্যাচ জিততে পারি আমরা।’

ইংল্যান্ড দলের ফুটবলাররা যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন জানিয়ে ওয়াটকিন্স আরও বলেন, ‘আমরা খারাপ খেলছি বা খেলোয়াড়দের বাজে দিন যাচ্ছে কি না তাতে কিছু যায় আসে না। আমাদের এখনো বিশ্বমানের প্রতিভা আছে যারা যেকোনো মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে গোল করতে পারে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর