বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মেসি জানালেন ‘এটিই তাঁর শেষ ফাইনাল’ কি না

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ০৭:৫২ এএম

শেয়ার করুন:

মেসি জানালেন ‘এটিই তাঁর শেষ ফাইনাল’ কি না

ক্যারিয়ারের শেষভাগে এসে ক্যারিয়ারের সব অপূর্ণতা একে একে ঘুচিয়েছেন লিওনেল মেসি। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে জিতেছেন বিশ্বকাপ। ফুটবলের তাঁর আর প্রাপ্তির কিছু নেই। মেসি নিজেও জানেন সে কথা। তাই তো বিশ্বকাপ জয়ের পর থেকেই তিনি খেলাটাকে উপভোগ করছেন। এদিকে আর্জেন্টাইন জাদুকরের বয়সও তো থেমে নেই। তাই আলবিসেলেস্তে অধিনায়ক কবে নাগাদ অবসরে যেতে পারেন তা নিয়ে সমর্থকদের কৌতুহলেরও অন্ত নেই।

কোপা আমেরিকার ফাইনালই হতে চলেছে আর্জেন্টিনার জার্সিতে আনহেল ডি মারিয়ার শেষ ম্যাচ। তাঁর জন্যই এবার শিরোপা জিততে চান মেসিরা। ডি মারিয়া যখন জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে চলেছেন তখন মেসির কাছেও জানতে চাও্যা হয়েছিল, এটিই দেশের হয়ে তাঁর শেষ ফাইনাল কি না।

এবারও অবশ্য সরাসরি কোনো জবাব দেননি মেসি। বরং শুনিয়েছেন সেই উপভোগ করার কথাই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এই মুহূর্তে এটা নিয়ে আমি ভাবছি না। আমি উপভোগের মন্ত্র নিয়ে আছি। কী ঘটছে, কী অর্জন করছি, এসব আমি দিন ধরে ধরে ভাবছি।’

তবে এভাবে আর কতদিন চালিয়ে যাবেন সেটিও জানিয়েছেন তিনি। মেসি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার দুর্দান্ত সময় কেটেছে, আবার খারাপ সময়ও কেটেছে। এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই। যতক্ষণ না মনে হবে যে আমার আর কিছু করার নেই, ততক্ষণ পর্যন্ত এভাবেই চালিয়ে যাব।’

আসন্ন ফাইনাল নিয়ে তিনি বলেন, ‘এই কোপা ভালোই যাচ্ছে, যদিও চোটের কারণে আমাকে পরিকল্পনা বদলাতে হয়েছে। যেভাবে প্রত্যাশা করেছিলাম বা চেয়েছিলাম, সেটা হয়ে ওঠেনি। এখন আরেকটা ফাইনাল খেলার সুযোগ এসেছে। এটা উপভোগ করতে চাই, জেতার জন্য নিজের সবটুকু দেওয়ারও চেষ্টা থাকবে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর