নিজেদের খেলা সবশেষ ৩টি ফাইনালেই জিতেছে আর্জেন্টিনা। আর তিন ফাইনালে আলবিসেলেস্তেদের হয়ে গোল করেছিলেন আনহেল ডি মারিয়া। লিওনেল স্কালোনির দলের সবশেষ ৩ শিরোপা জয়েই অন্যতম নায়ক ছিলেন ডি মারিয়া। আর্জেন্টাইন এই ফুটবলার আরও একটি ফাইনালের সাক্ষী হতে চলেছেন, আগামীকাল সকালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ দিয়েই জাতীয় দলকে বিদায় জানাবেন আনহেল ডি মারিয়া।
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল লিওনেল মেসিরা মাঠে নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। কলম্বিয়াকে হারাতে পারলেই টানা দুইবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের কাছে এই ম্যাচটি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ।
কোপা আমেরিকার আগামীকালের ফাইনাল দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ডি মারিয়া। তাই কিংবদন্তি এই ফুটবলারের জন্যই এবারের শিরোপা জিততে চান মেসিরা। আর্জেন্টিনার হয়ে সবশেষ তিন ফাইনালেই গোলের দেখা পেয়েছিলেন ডি মারিয়া।
২০২১ এর কোপা আমেরিকা, ২০২২ এর লা ফিনালিসিমা এবং ২০২২ এর কাতার বিশ্বকাপ- এই ৩ টুর্নামেন্টেই গোলের দেখা পেয়েছিলেন ডি মারিয়া। সবশেষ কোপায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ডি মারিয়ার একমাত্র গোলেই জয় পেয়েছিল আর্জেন্টিনা।
এরপর ২০২২ এর ফিনালিসিমাতেও গোলের দেখা পেয়েছিলেন ডি মারিয়া। এমনকি ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালেও গোল করেছিলেন তিনি। আর্জেন্টিনার হয়ে সবশেষ তিন ফাইনালেই গোল করা করা কিংবদন্তি এই ফুটবলারকে আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে খেলাবেন কি না তা নিশ্চিত করে বলেননি কোচ লিওনেল স্কালোনি।
তিনি বলেন, ‘ম্যাচের পরিস্থিতির ওপর ভিত্তি করেই আমরা সবসময় নির্ধারণ করি যে, কারা শুরু করবে। ইকুয়েডরের বিপক্ষে অ্যানহেল খেলেননি, সে আসেনি এবং এটিই তার শেষ ম্যাচ হতে পারতো। আমরা ভুল হতে পারি আবার না-ও হতে পারি, আমরা সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, তার খেলাটা উচিত হবে না। শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে হয়েছে, আমরা সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছি এবং কেন ভাবব না সে ফাইনালে খেলতে পারে।’
কালকের ম্যাচটিই ডি মারিয়ার শেষ ম্যাচ হলেও দলের কথাই আগে ভাববেন জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘যদিও আমরা জানি, এটা তার (ডি মারিয়া) শেষ ম্যাচ, দলই সবার আগে বিবেচনায় আসবে। যদি তাকে খেলানো হয়, এটা এ কারণেই যে, আমরা বিশ্বাস করি তাকে খেলতে হবে। যদি আমরা শেষ পর্যন্ত না খেলানোর সিদ্ধান্ত নেই, এটা এই কারণে যে, আমরা খেলাটাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছি। কোচ হিসেবে মনে করি শুধু ম্যাচ নিয়ে ভাবাটা জরুরি, কারণ সেখানে অনেকগুলো শর্ত থাকে। এই ক্ষেত্রে আমরা আশা করতে পারি, সবকিছু ভালো যাচ্ছে এবং অ্যানহেল সবচেয়ে ভালোভাবে অবসরে যেতে পারে।’




