বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

যুগান্তকারী উদ্ভাবন: অন্যের মনের কথা জানার প্রযুক্তি এবার বাস্তবের পথে

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

অন্যের মনের কথা পড়ার প্রযুক্তি এবার বাস্তবের পথে, আপনি যা ভাববেন তাই জানা যাবে
অন্যের মনের কথা পড়ার প্রযুক্তি এবার বাস্তবের পথে, আপনি যা ভাববেন তাই জানা যাবে

যদি অন্যের মনের কথা পড়তে পারতাম! জীবনে কমবেশি অনেকেই এই আফসোস করেন। এতদিন যা কেবল সায়েন্স ফিকশন সিনেমা বা কাল্পনিক গল্পের অংশ ছিল, তা এবার দ্রুত বাস্তব রূপ নিতে চলেছে। বিজ্ঞানীরা এমন এক অবিশ্বাস্য প্রযুক্তি তৈরি করেছেন, যার সাহায্যে কোনো ব্যক্তি মনে মনে যা ভাববেন, তা-ই শব্দে বা লেখায় প্রকাশ করা সম্ভব হবে। এর জন্য কোনো ধরনের জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হবে না এবং খরচও অনেকটাই কম পড়বে। বিশেষ করে পক্ষাঘাতে আক্রান্ত রোগী এবং বাকপ্রতিবন্ধী মানুষের জীবন বদলানোর ক্ষেত্রে এই প্রযুক্তি আশীর্বাদ হয়ে উঠবে।

চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়, গুয়াংসি বিশ্ববিদ্যালয় এবং গুয়াংসি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে এই বিশেষ মাইন্ড রিডিং ডিভাইসটি উদ্ভাবন করেছেন। এই ডিভাইসটি মাথায় পরে কোনো ব্যক্তি যখন ভার্চুয়াল কিবোর্ডের অক্ষর বা সংখ্যার দিকে তাকাবেন, তখন তার মস্তিষ্কের সিগন্যালের ভিত্তিতে স্ক্রিনে তা নিজে থেকেই টাইপ হতে শুরু করবে। ভিজ্যুয়াল মাইন্ড-টাইপিং পরীক্ষায় এই প্রযুক্তি ৯৪ শতাংশেরও বেশি নির্ভুলতা অর্জন করেছে। সবচেয়ে বড় সুবিধা হলো, এর জন্য মাথার খুলিতে কোনো চিপ, তার বা ইলেকট্রোড বসানোর মতো ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। কেবল একটি বিশেষ ইইজি টুপি মাথায় পরে নিলেই ডিভাইসটি নিখুঁতভাবে কাজ করতে পারে।

12d50606-680d-4aea-8c41-c73b48b53c62_6e74219e

এর আগে মস্তিষ্কের সিগন্যাল নিয়ে কাজ করতে গিয়ে দুটি বড় সমস্যার মুখে পড়তে হতো বিজ্ঞানীদের। একটি হলো অস্ত্রোপচারের ঝুঁকি এবং অন্যটি হলো সাধারণ টুপির সেন্সরের স্থায়িত্বের অভাব। আগের ডিভাইসগুলোতে যে জেল ব্যবহার করা হতো, তা কয়েক ঘণ্টার মধ্যে শুকিয়ে যেত এবং সামান্য নড়াচড়াতেই সেন্সরগুলো স্থানচ্যুত হতো। চীনা বিজ্ঞানীরা এই সমস্যার দারুণ এক সমাধান বের করেছেন। তারা তৈরি করেছেন বিশেষ ‘গ্রেডিয়েন্ট হাইড্রোজেল ইলেকট্রোড’। এর নিচের অংশটি অত্যন্ত নরম ও স্পঞ্জের মতো হওয়ায় মাথার ত্বকের সঙ্গে নিখুঁতভাবে লেগে থাকে এবং ওপরের অংশটি শক্তপোক্ত থাকে। ফলে হাঁটাচলা, খাওয়া দাওয়া কিংবা দৈনন্দিন কাজকর্ম করার সময়ও সেন্সরগুলো নড়ে না।

আরও পড়ুন: গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

নতুন এই ডিভাইসের কার্যকারিতা যাচাই করতে গবেষকরা মানুষের ওপর দীর্ঘমেয়াদি পরীক্ষা চালিয়েছেন। একজন ব্যক্তিকে এই টুপি পরিয়ে টানা আট ঘণ্টা খাওয়াদাওয়া, পড়াশোনা ও হাঁটাচলার মতো সাধারণ কাজ করানো হয়, যার মধ্যে কোনো বিঘ্ন ছাড়াই ডিভাইসটি মস্তিষ্কের সংকেত রেকর্ড করতে পেরেছে। এছাড়া অন্য একটি পরীক্ষায় ১৪ ঘণ্টা ধরে এক ব্যক্তি মনের ভাবনার সাহায্যে সংখ্যা টাইপ করেছেন এবং সেখানে ৯৪ শতাংশের বেশি নির্ভুলতা পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রযুক্তি খুব সহজেই ব্যাপক পরিমাণে বাণিজ্যিক উৎপাদন করা সম্ভব।

চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি দুনিয়ায় এই আবিষ্কার বিপ্লব ঘটাতে চলেছে। পক্ষাঘাতে আক্রান্ত কিংবা কথা বলতে অক্ষম রোগীরা এখন মনের ভাবনার মাধ্যমেই নিজেদের মনের কথা প্রিয়জনদের জানাতে পারবেন। পাশাপাশি মৃগী রোগীর খিঁচুনি শুরু হওয়ার আগেই আগাম সতর্কতা দেওয়া, ঘুমের ধরন পর্যবেক্ষণ করা এবং কোনো রকম শারীরিক স্পর্শ ছাড়াই কেবল চিন্তার জোরে ঘরের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই প্রযুক্তি বিরাট ভূমিকা রাখবে। সাধারণ মানুষের গোপনীয়তা নষ্ট হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠলেও গবেষকরা জানিয়েছেন, এটি নির্দিষ্ট কিছু ভিজ্যুয়াল প্যাটার্নের ওপর কাজ করায় অনুমতি ছাড়া কেউ কারও ব্যক্তিগত চিন্তা হ্যাক করতে পারবে না।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর