রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তানের ৯৩ গম্বুজের মসজিদ: মাইক ছাড়াই প্রতিধ্বনিত হয় ইমামের কণ্ঠ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের ৯৩ গম্বুজের মসজিদ: মাইক ছাড়াই প্রতিধ্বনিত হয় ইমামের কণ্ঠ
ছবি: সংগৃহীত

মাইক্রোফোন আবিষ্কারের কয়েক শতাব্দী আগেই এক বিস্ময়কর প্রাকৃতিক প্রতিধ্বনির নজির তৈরি হয়েছিল পাকিস্তানের সিন্ধু প্রদেশের থাট্টা শহরে। সপ্তদশ শতকে নির্মিত ঐতিহাসিক এই স্থাপনার নাম শাহজাহান মসজিদ। এর বিশেষ স্থাপত্যশৈলী ও গম্বুজের বিন্যাসের কারণে মিহরাবের সামনে দাঁড়িয়ে ইমামের পড়া নামাজের ধ্বনি কোনো শব্দযন্ত্র ছাড়াই মসজিদের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়।

উপহার হিসেবে নির্মাণ

ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, পিতা সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে বিরোধের সময় যুবরাজ খুররম (পরবর্তী সময়ে সম্রাট শাহজাহান) থাট্টা অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। সেখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তিনি মসজিদটি নির্মাণের নির্দেশ দেন বলে প্রচলিত আছে।

মসজিদের ফারসি শিলালিপি অনুযায়ী, ১৬৪৪ সালে এর নির্মাণকাজ শুরু হয় এবং ১৬৪৭ সালে শেষ হয়। পরে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে মসজিদটির পূর্বাংশ সম্প্রসারিত হয়।

আরও পড়ুন: স্থাপত্য ঐতিহ্যের নক্ষত্র পুরান ঢাকার তারা মসজিদ

৯৩ গম্বুজ, নেই কোনো মিনার

ডনের প্রতিবেদন অনুযায়ী, মসজিদটিতে মোট ৯৩টি গম্বুজ রয়েছে। তবে স্থানীয় বর্ণনায় সংখ্যাটি ৯৯ বা ১০০ বলেও প্রচলিত। মুঘল আমলের অনেক মসজিদে মিনার স্থাপত্যের গুরুত্বপূর্ণ অংশ হলেও শাহজাহান মসজিদে কোনো মিনার নেই। বিশাল প্রাঙ্গণ, ইটের খিলান, গম্বুজ ও অলংকৃত দেয়াল মিলে এটি পেয়েছে স্বতন্ত্র স্থাপত্যরূপ।

ছবি: উইকিপিডিয়া
ছবি: উইকিপিডিয়া

 

প্রাকৃতিক প্রতিধ্বনির বিস্ময়

ইউনেসকোর বিবরণে বলা হয়েছে, মসজিদের গম্বুজগুলোর বিন্যাস সম্ভবত এই প্রতিধ্বনি তৈরিতে ভূমিকা রেখেছে। ফলে মিহরাবের সামনে থেকে ইমামের পড়া নামাজের ধ্বনি ভবনের যেকোনো অংশ থেকে শোনা যায়। এই প্রাকৃতিক শব্দব্যবস্থা আজও স্থাপত্য ও শব্দবিজ্ঞানের গবেষকদের আগ্রহের বিষয়।

টাইলস ও ইটের অনন্য কারুকাজ

শাহজাহান মসজিদ দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ টাইলস-কারুকাজের নিদর্শন। এর নকশায় মুঘল, তিমুরীয় ও পারস্যের সাফাভি স্থাপত্যরীতির প্রভাব দেখা যায়। দেয়াল, গম্বুজ ও খিলানে কোবাল্ট নীল, ফিরোজা, বেগুনি ও সাদা রঙের টাইলস ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: আল আকসা-কাবার আদলে ঢাকায় 'মসজিদ আল মুস্তাফা'

প্রধান গম্বুজের ভেতরে নীল-সাদা টাইলসের মোজাইকে তারার মতো নকশা ফুটিয়ে তোলা হয়েছে, যা রাতের আকাশের কথা মনে করিয়ে দেয়। দেয়ালের বিভিন্ন অংশে ফুল, লতাপাতা ও জ্যামিতিক নকশার কারুকাজও রয়েছে। টাইলসের পাশাপাশি ইটের গায়ে জ্যামিতিক অলংকরণ মসজিদটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

ঐতিহ্যের স্বীকৃতি

করাচি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের এই মসজিদের কাছেই রয়েছে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যস্থল মাকলি নেক্রোপলিস। ১৯৯৩ সালে শাহজাহান মসজিদ ইউনেসকোর সম্ভাব্য বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়, তবে চূড়ান্ত তালিকায় এখনো স্থান পায়নি।

তথ্যসূত্র: ইউনেসকো, পাকিস্তান প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তর, সিন্ধু সরকারের সাংস্কৃতিক সম্পদবিষয়ক নথি ও ডন

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর