বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

অজান্তে কাউকে কষ্ট দিলে গুনাহ হবে? করণীয় কী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

অজান্তে কাউকে কষ্ট দিলে গুনাহ হবে? করণীয় কী

দৈনন্দিন জীবনে কখনো কখনো খারাপ কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদের কথাবার্তা বা আচরণে অন্য কেউ কষ্ট পান। অনেক সময় আমরা বুঝতেও পারি না, আমাদের কোনো কথা কারও মনে আঘাত দিয়েছে। পরে বিষয়টি জানতে পারলে মনে প্রশ্ন জাগে, অজান্তে কাউকে কষ্ট দিলে কি গুনাহ হবে? তার কাছে ক্ষমা চাইতে হবে কি?

ইচ্ছাকৃত ভুল ও অনিচ্ছাকৃত ভুলের বিধান এক নয়

ইসলামে মানুষের সম্মান ও অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যে বিষয়ে ভুল করেছ, সে জন্য তোমাদের কোনো অপরাধ নেই। তবে তোমাদের অন্তর ইচ্ছাকৃতভাবে যা করেছে, তার জন্য অপরাধ রয়েছে।’ (সুরা আহজাব: ৫)

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।’ (সহিহ বুখারি: ১০)

এ থেকে বোঝা যায়, কাউকে অপমান বা কষ্ট দেওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে গেলে তা ইচ্ছাকৃত অন্যায়ের মতো নয়। তবে অসতর্কতা, রূঢ় ভাষা কিংবা অন্যের অনুভূতির প্রতি অবহেলার কারণে কেউ কষ্ট পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। 

আরও পড়ুন: ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে ক্ষমা পাওয়ার দোয়া

কষ্ট দেওয়ার বিষয়টি জানতে পারলে করণীয়

নিজের কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়েছেন জানতে পারলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। বিনয়ের সঙ্গে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করতে হবে। তার কোনো আর্থিক বা বস্তুগত ক্ষতি হয়ে থাকলে তা পূরণ করতে হবে।

আর কাউকে কষ্ট দিয়েছেন কি না, তা নিশ্চিতভাবে জানা না থাকলে অকারণে নিজেকে অপরাধী ভাবার প্রয়োজন নেই। আল্লাহর কাছে নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে কথা ও আচরণে সতর্ক থাকবেন।

ক্ষমা চাওয়ার পরও তিনি ক্ষমা না করলে?

কাউকে কষ্ট দেওয়ার বিষয়টি জানার পর আন্তরিকভাবে ক্ষমা চাইলেন, কিন্তু তিনি ক্ষমা করতে রাজি হলেন না। এমন অবস্থায় হতাশ হবেন না। নিজের ভুল সংশোধন করুন, তার কোনো অধিকার নষ্ট হয়ে থাকলে তা ফিরিয়ে দিন বা ক্ষতিপূরণ করুন। সম্ভব হলে তার মন ভালো করার চেষ্টা চালিয়ে যান। এরপরও তিনি ক্ষমা না করলে নিজের সাধ্য অনুযায়ী করণীয় সম্পন্ন করে আল্লাহর কাছে তাওবা করুন।

আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না।’ (সুরা বাকারা: ২৮৬)

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘গুনাহ থেকে তাওবাকারী এমন, যেন তার কোনো গুনাহই নেই।’ (সুনানে ইবনে মাজাহ: ৪২৫০)

অতএব, আপনার অজান্তে কেউ কষ্ট পেলে গুনাহ হবে না। তবে নিজের অসতর্কতা বা ভুলের কারণে কেউ কষ্ট পেয়েছেন জানতে পারলে বিষয়টি উপেক্ষা করা যাবে না। তার কাছে ক্ষমা চাইতে হবে এবং কোনো অধিকার নষ্ট হলে তা ফিরিয়ে দিতে হবে। নিজের সাধ্য অনুযায়ী সবকিছু করার পরও তিনি ক্ষমা না করলে আল্লাহর রহমতের আশা রাখুন। আল্লাহ মানুষের নিয়ত, চেষ্টা ও সীমাবদ্ধতা সম্পর্কে সব জানেন।

তথ্যসূত্র: সুরা আহজাব: ৫; সুরা বাকারা: ২৮৬; সহিহ বুখারি: ১০; সুনানে ইবনে মাজাহ: ২০৪৫, ৪২৫০

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর