কেয়ামতের দিন মানুষকে খালি পায়ে, নগ্ন ও খতনাবিহীন অবস্থায় একত্র করা হবে। সেখানে থাকবে মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, সন্তানসহ পরিচিত-অপরিচিত সবাই। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এত মানুষের সামনে নগ্ন অবস্থায় মানুষ কি লজ্জা পাবে? নারী-পুরুষ কি একে অপরের দিকে তাকাবে?
এ বিষয়ে রাসুলুল্লাহ (স.)-এর একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমাদের খালি পায়ে, নগ্ন ও খতনাবিহীন অবস্থায় একত্র করা হবে।’ আয়েশা (রা.) বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! নারী-পুরুষ সবাই একসঙ্গে থাকবে, তারা কি একে অপরের দিকে তাকাবে? তিনি বললেন, ‘হে আয়েশা! সেদিনের পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে, একে অপরের দিকে তাকানোর কথা ভাবারও সুযোগ থাকবে না।’ (সহিহ বুখারি: ৬৫২৭; সহিহ মুসলিম: ২৮৫৯)
আরও পড়ুন: হাশরের দিনের কঠিন তিন মুহূর্ত
কোরআনেও সেদিন মানুষের ভয়াবহ অবস্থার বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ‘সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে, তার মা ও বাবা থেকে, তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকেও। সেদিন তাদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে, যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে।’ (সুরা আবাসা: ৩৪-৩৭)
অর্থাৎ দুনিয়ায় যাদের সঙ্গে মানুষের সবচেয়ে গভীর সম্পর্ক, সেদিন তাদের প্রতিও মনোযোগ দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না।
আরও পড়ুন: পরকালে যাদের দোষত্রুটি আড়াল করে দেওয়া হবে
তাহলে কি সেদিন মানুষের লজ্জাবোধ থাকবে না? এ বিষয়ে হাদিসে স্পষ্ট কোনো বক্তব্য নেই। তবে হাদিসে বর্ণিত পরিস্থিতি থেকে বোঝা যায়, দুনিয়ায় নগ্নতা মানুষের মধ্যে যে সংকোচ তৈরি করে, সেদিনের পরিস্থিতি হবে তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেকেই নিজের অবস্থা ও পরিণতি নিয়ে এতটাই উদ্বিগ্ন থাকবে যে অন্যের দিকে তাকানোর কথাও ভাববে না। তাই মানুষের অন্তরের অনুভূতি কেমন হবে, সে বিষয়ে এর বাইরে নিশ্চিতভাবে কিছু বলা উচিত নয়।
দুনিয়ায় মানুষ পোশাক, সৌন্দর্য ও সম্মান রক্ষায় কত সচেতন। অথচ হাশরের ময়দানে এসব নিয়ে ভাবার অবকাশ থাকবে না। সেদিন প্রত্যেকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে নিজের আমল, আল্লাহর রহমত ও চূড়ান্ত মুক্তি।
তথ্যসূত্র: সহিহ বুখারি: ৬৫২৭; সহিহ মুসলিম: ২৮৫৯




