বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

মক্কার ক্লক টাওয়ারে গিনেসের ২ বিশ্বরেকর্ড

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

মক্কার ক্লক টাওয়ারে গিনেসের ২ বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার অন্যতম পরিচিত স্থাপনা ক্লক টাওয়ার অর্জন করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি বিশ্বরেকর্ড। টাওয়ারটিতে অবস্থিত জাদুঘরটি বিশ্বের কোনো ভবনের ভেতরে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভূমি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত জাদুঘরটি এই স্বীকৃতি অর্জন করেছে।

অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ পেয়েছে বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চের স্বীকৃতি। ভূমি থেকে এর উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার।

মঙ্গলবার মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন এ ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে সৌদি আরবের অন্যতম পরিচিত স্থাপনা ক্লক টাওয়ারের অর্জনের তালিকায় যুক্ত হলো দুটি আন্তর্জাতিক রেকর্ড।

আরও পড়ুন: ‘স্বাস্থ্যকর শহরের’ স্বীকৃতি পেল মদিনা

জাদুঘর ও পর্যবেক্ষণ মঞ্চ দুটিই মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অংশ। এখান থেকে ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারাম দেখা যায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি রেকর্ড দুটি অর্জিত হয়। তবে সৌদি কর্তৃপক্ষ ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির কথা জানায়।

রয়্যাল কমিশন জানিয়েছে, এসব অর্জন নগরীর স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর উন্নয়ন, বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মক্কায় আসা লাখো হজ ও ওমরাযাত্রীর অভিজ্ঞতা আরও উন্নত করার প্রচেষ্টার অংশ।

এ ছাড়া নগরীর ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরা এবং বৈশ্বিক ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে মক্কার অবস্থান আরও সুদৃঢ় করাও কমিশনের লক্ষ্য।

সূত্র: গালফ নিউজ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর