মানুষ চায় তার ঘরে শান্তি, বরকত ও আল্লাহর রহমত থাকুক। এ জন্য ঘর পরিচ্ছন্ন রাখা, সুন্দরভাবে সাজানো এবং ভালো পরিবেশ গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু হাদিসে এমন কিছু বিষয়ের কথা এসেছে, যেগুলোর কারণে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। অনেকেই বিষয়গুলো জানেন না কিংবা গুরুত্ব দেন না। হাদিসে উল্লেখিত প্রধান দুটি বিষয় হলো প্রাণীর ছবি ও কুকুর।
১. ঘরে প্রাণীর ছবি রাখা
ঘরে প্রাণীর ছবি রাখা রহমতের ফেরেশতাদের প্রবেশে বাধা সৃষ্টি করে। বিশেষ করে দেয়ালে ঝুলিয়ে রাখা ছবি কিংবা পর্দা, বালিশ ও আসবাবে প্রাণীর ছবি থাকলে এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।
আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি একটি ছবিযুক্ত বালিশ কিনে আনলে রাসুলুল্লাহ (স.) সেটি দেখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলেন। ঘরে প্রবেশ করলেন না। তাঁর চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখে আয়েশা (রা.) বললেন, ‘হে আল্লাহর রাসুল! আমি আল্লাহর কাছে তাওবা করছি। আমি কী অপরাধ করেছি?’
রাসুলুল্লাহ (স.) জিজ্ঞেস করলেন, ‘এই বালিশ কীসের জন্য?’ আয়েশা (রা.) বললেন, ‘এটি আপনার জন্য কিনেছি, যাতে আপনি বসতে ও হেলান দিতে পারেন।’ তখন রাসুলুল্লাহ (স.) বললেন, ‘যারা এসব ছবি তৈরি করে, কেয়ামতের দিন তাদের শাস্তি দেওয়া হবে। তাদের বলা হবে, তোমরা যা সৃষ্টি করেছ, তাতে প্রাণ দাও।’ এরপর তিনি বলেন, ‘যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না।’ (সহিহ বুখারি: ৫১৮১)
আরও পড়ুন: যেসব কারণে কুকুর পালা জায়েজ
আরেকটি হাদিসে এসেছে, জিবরাইল (আ.) এক রাতে রাসুলুল্লাহ (স.)-এর কাছে আসার কথা থাকলেও প্রবেশ করেননি। পরে তিনি জানান, ঘরের দরজায় ছবি, ভেতরে ছবিযুক্ত পর্দা এবং একটি কুকুর থাকায় তিনি প্রবেশ করেননি। তিনি ছবির মাথা কেটে দিতে বলেন, যাতে তা গাছের মতো হয়ে যায়। পর্দা কেটে দুটি বালিশ বানাতে এবং কুকুরটিকে বের করে দিতে বলেন। রাসুলুল্লাহ (স.) তাঁর নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেন। (সুনানে আবু দাউদ: ৪১৫৮)
এসব হাদিস থেকে বোঝা যায়, ঘরের দেয়াল, পর্দা, বালিশ বা আসবাবে প্রাণীর ছবি প্রদর্শন থেকে বিরত থাকা উচিত। তবে ছবির বিভিন্ন ধরন ও আধুনিক ফটোগ্রাফির বিধান নিয়ে ফিকহি আলোচনা ও মতভেদ রয়েছে। তাই সব ধরনের ছবি একই হুকুমের আওতায় নয়।
২. ঘরে কুকুর রাখা
ঘরে কুকুর থাকাও রহমতের ফেরেশতা প্রবেশ না করার অন্যতম কারণ। আবু তালহা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করেন না, যে ঘরে কুকুর থাকে এবং যে ঘরে ছবি থাকে।’ (সহিহ বুখারি: ৫৯৪৯)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসেও এসেছে, ঘরে কুকুর থাকার কারণে জিবরাইল (আ.) রাসুলুল্লাহ (স.)-এর কাছে প্রবেশ করেননি। (সহিহ মুসলিম: ২১০৪)
তবে শিকার, ফসলের ক্ষেত ও গবাদিপশু পাহারা দেওয়ার মতো বৈধ প্রয়োজনে কুকুর রাখার অনুমতি হাদিসে রয়েছে। তাই বৈধ প্রয়োজনে কুকুর রাখা আর শখের বশে ঘরের ভেতরে কুকুর পোষা এক বিষয় নয়।
আরও পড়ুন: ফেরেশতার রূপ কেমন? কোরআন-হাদিসে বর্ণিত বাস্তব চিত্র
কোন ফেরেশতাদের কথা বলা হয়েছে?
এখানে রহমতের ফেরেশতাদের কথা বলা হয়েছে, যারা আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসেন। এর অর্থ এই নয় যে, মানুষের আমল লেখার দায়িত্বে নিয়োজিত ফেরেশতারাও এমন ঘর থেকে চলে যান। তাঁরা আল্লাহর নির্দেশে মানুষের সব কাজ লিপিবদ্ধ করেন।
আল্লাহ তাআলা বলেন, ‘আমার ফেরেশতারা তাদের কাছ থেকে সবকিছু লিপিবদ্ধ করে।’ (সুরা যুখরুফ: ৮০)
ঘরকে রহমতের উপযোগী করুন
মুমিনের ঘর হওয়া উচিত আল্লাহর স্মরণ, ইবাদত ও পবিত্রতার পরিবেশে পরিপূর্ণ। ঘরে কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির ও দোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে যেসব কারণে রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করেন না, সেসব বিষয় থেকেও ঘরকে মুক্ত রাখতে হবে।
ঘরের সৌন্দর্য শুধু দামি আসবাব বা বাহ্যিক সাজসজ্জায় নয়। আল্লাহর আনুগত্য, পবিত্রতা ও নেক আমলের মধ্যেই রয়েছে প্রকৃত কল্যাণ।
তথ্যসূত্র: সহিহ বুখারি: ৫১৮১, ৫৯৪৯; সহিহ মুসলিম: ২১০৪; সুনানে আবু দাউদ: ৪১৫৮; সুরা যুখরুফ: ৮০




