সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শায়খ গাসসানের ইন্তেকাল

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শায়খ গাসসানের ইন্তেকাল
শায়খ গাসসান। ছবি: সংগৃহীত

মদিনা মুনাওয়ারার তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত শায়খ গাসসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সোমবার (৯ নভেম্বর) তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়খ গাসসান মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। উপমহাদেশের তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা এনামুল হাসান রহ., মাওলানা জুবাইরুল হাসান রহ. ও হজরত মাওলানা ইবরাহিম দেওলার সান্নিধ্যে থেকে দীর্ঘদিন তাদের খেদমত করেছেন তিনি। একই সঙ্গে দীনের দাওয়াত ও তাবলিগের কাজে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছর আগে উচ্চশিক্ষার উদ্দেশে যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে যান শায়খ গাসসান ও শায়খ ফাদিল। ইউনিভার্সিটি অব ডেনভারে অধ্যয়নকালে তারা তাবলিগের মেহনতে যুক্ত হন। ছাত্রজীবনেই উত্তর আমেরিকার আরব জনগোষ্ঠীর মধ্যে দাওয়াতের কাজ শুরু করেন। পরে দেশে ফিরে শায়খ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শায়খ ফাদিল জেদ্দায় তাবলিগের কাজে আত্মনিয়োগ করেন।

আহলে বাইতের সদস্য হওয়ায় আরব বিশ্বের বিভিন্ন মাশায়েখ ও প্রভাবশালী মহলে শায়খ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। তাদের মধ্যে দীনের দাওয়াতের কাজেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। মাওলানা এনামুল হাসান রহ.-এর ইন্তেকালের পর তারা পাকিস্তানের শীর্ষ তাবলিগি মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব রহ.-এর পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করতেন।

আরও পড়ুন

তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল

ইজতেমা ২০২৭: সরকারের স্পষ্ট বক্তব্য চায় ওলামা মাশায়েখ

২০১৬ সালে পবিত্র হজের সময় তাবলিগের দুই পক্ষের বিরোধ নিরসনে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। এ সময় মাওলানা সাদ কান্ধলভীর পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল বলে জানা যায়। একইভাবে পাকিস্তানের শীর্ষ মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব রহ.-ও দুই পক্ষকে একত্র করে বিরোধ মীমাংসার উদ্যোগ নিতে শায়খ গাসসান ও শায়খ ফাদিলের প্রতি আহ্বান জানান। তাবলিগের কাজে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের বিষয়েও মাওলানা সাদ সম্মতি জানিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে হাজী আবদুল ওয়াহ্হাব রহ. শায়খ গাসসান ও শায়খ ফাদিলকে ভারতের দিল্লির নিজামুদ্দিন মারকাজে পাঠান। সেখানে তারা মাওলানা সাদের সঙ্গে আলোচনা করে বিরোধ নিরসন এবং ভুলত্রুটি সংশোধনের বিষয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে দিল্লিতে পৌঁছানোর পর তাদের বিভিন্ন নিরাপত্তাজনিত ও অন্যান্য জটিলতার মুখোমুখি হতে হয়। একপর্যায়ে উদ্ভূত পরিস্থিতিতে তারা ভারত ত্যাগ করেন।

বাংলাদেশের তাবলিগের সঙ্গেও শায়খ গাসসানের ছিল দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক। প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে তিনি বাংলাদেশে আসতেন। এ দেশের তাবলিগের মুরব্বি ও সাথীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল।

২০২০ সালে করোনা মহামারির সময় শায়খ গাসসান ও শায়খ ফাদিল একসঙ্গে ইন্দোনেশিয়া সফরে ছিলেন। ওই সফরেই করোনায় আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় ইন্তেকাল করেন শায়খ ফাদিল। দীর্ঘদিনের সফরসঙ্গী ও দাওয়াতি কাজের সহযাত্রী শায়খ গাসসানের ইন্তেকালে তাবলিগের মেহনতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা একজন অভিজ্ঞ মুরব্বি ও নিবেদিতপ্রাণ দাঈকে হারালেন। তার ইন্তেকালে তাবলিগের অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর