মদিনার মসজিদে নববীতে গত সেপ্টেম্বর মাসে ২ কোটি ১৬ লাখের বেশি মানুষের সমাগম হয়েছে। এ সময় মহানবী হজরত মুহাম্মদ (স.) ও তাঁর দুই সঙ্গী হজরত আবু বকর (রা.) ও হজরত ওমর (রা.)-কে সালাম জানিয়েছেন ২১ লাখের বেশি মানুষ। এ ছাড়া রওজা শরিফে নামাজ আদায় করেছেন প্রায় সাড়ে ১৪ লাখ মুসল্লি।
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যক্রম তদারককারী কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে মসজিদে নববীতে মোট আগমনের সংখ্যা ছিল ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭।
প্রতিবেদনে বলা হয়, এ সময়ে মহানবী (স.) ও তাঁর দুই সঙ্গীকে সালাম জানিয়েছেন ২১ লাখ ২৪ হাজার ৪২১ জন। রওজা শরিফে নামাজ আদায় করেছেন ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন।
আরও পড়ুন: ১৩০ বছর বয়সে হজ করা সেই আলজেরীয় নারী মারা গেছেন
মসজিদে আগতদের সেবা দিতে বিভিন্ন ব্যবস্থা চালু রেখেছিল কর্তৃপক্ষ। এ সময় ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন স্থাননির্দেশনা সেবা নিয়েছেন। অতিথিসেবা কেন্দ্র থেকে সহায়তা পেয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন। এ ছাড়া চলাচলে সহায়তার জন্য ট্রলি সেবা নিয়েছেন ৩ লাখ ৮ হাজার ২৬১ জন। বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সেবা নিয়েছেন ৭৯ হাজার ৫৯৯ জন।
জ্ঞানচর্চা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানার সুযোগ নিতে মসজিদে নববীর গ্রন্থাগার পরিদর্শন করেছেন ৮১ হাজার ২৪৩ জন। মসজিদটির বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন।
কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে নববীতে আগতদের উন্নত সেবা দেওয়া এবং স্বস্তি ও প্রশান্তির পরিবেশে ইবাদত পালনের সুযোগ করে দিতে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সূত্র: এসপিএ




