দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতা শুরু হবে উপজেলা পর্যায় থেকে। তিনটি বয়সভিত্তিক গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী নয়জনের জন্য মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। এ ছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়েও পুরস্কার দেওয়া হবে।
রোববার (১৮ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন গ্রুপে অংশ নেওয়ার সুযোগ
প্রতিযোগিতায় বয়স ও হিফজের পরিমাণ অনুযায়ী তিনটি গ্রুপ রাখা হয়েছে। ‘ক’ গ্রুপে ১২ বছরের কম বয়সীরা তাজবিদসহ ১০ পারা, ‘খ’ গ্রুপে ১৫ বছরের কম বয়সীরা তাজবিদসহ ২০ পারা এবং ‘গ’ গ্রুপে ১৮ বছরের কম বয়সীরা তাজবিদসহ পবিত্র কোরআনের পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে অংশ নিতে পারবেন।
উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন। জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন।
আরও পড়ুন: ‘আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশনে ‘ইয়েস কার্ড’ পেলেন ৭০ হাফেজ
জাতীয় পর্যায়ে পুরস্কার কত?
প্রতিটি গ্রুপে প্রথম স্থান অর্জনকারী পাবেন দুই লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী এক লাখ টাকা। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
তিনটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট নয়জনের জন্য পুরস্কারের পরিমাণ ১৩ লাখ ৫০ হাজার টাকা। জেলা ও বিভাগীয় পর্যায়েও পুরস্কারের ব্যবস্থা থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন করবেন যেভাবে
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে আবেদন জমা দিয়ে নাম নিবন্ধন করা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর মাসজুড়ে নিবন্ধন চলবে।
কবে শুরু প্রতিযোগিতা?
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ২০২৭ সালের এপ্রিল মাসে আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবেন।




