মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে তাঁর ইন্তেকালের খবর নিশ্চিত করেছে সৌদি সংবাদমাধ্যম ওকাজ ও সাবাক।
সাবাকের প্রতিবেদনে বলা হয়, মসজিদুল হারামে দায়িত্ব পালনকারী ২৪ জন নিয়মিত মুয়াজ্জিনের মধ্যে শায়খ ইবরাহিম আল-মাদানি একজন। আজান দেওয়ার পাশাপাশি তিনি মুকাব্বিরিয়ার সদস্য হিসেবে ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করতেন।
আরও পড়ুন: মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ মোস্তফা দাব্বাগের ইন্তেকাল
মসজিদুল হারামের সরকারি সূচি অনুযায়ী, ২৪ আগস্ট ২০২৬ ফজরের প্রথম আজানের দায়িত্বে এবং এর আগে ১৫ আগস্ট আছর ও মাগরিবের আজানের দায়িত্বে তাঁর নাম ছিল।
শায়খ ইবরাহিম আল-মাদানির কণ্ঠে মসজিদুল হারামের আজান ও তাকবিরের বিভিন্ন রেকর্ডও সংরক্ষিত রয়েছে। সৌদি আরবের ইমাম ও মুয়াজ্জিনবিষয়ক সরকারি কর্তৃপক্ষের যাচাইকৃত ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের শেষ দিকে এবং ২০২৫ সালের রমজানে তাঁর কণ্ঠে আজানের রেকর্ড প্রকাশ করা হয়েছিল।
তাঁর ইন্তেকালের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আজান ও তাকবিরের বিভিন্ন রেকর্ড শেয়ার করছেন অনেকে।




