নবীপ্রেম যেন কেবল বিশেষ দিন কিংবা মৌসুমি আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, মুসলমানের প্রতিদিনের জীবনযাপনেই মহানবী হজরত মুহাম্মদ সা.-এর আদর্শ ও সুন্নাহ প্রতিফলিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস-সুদাইস।
শুক্রবার (২১ আগস্ট) মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।
প্রখ্যাত এই আলেম বলেন, মুসলিম উম্মাহর উন্নতি, মর্যাদা ও ক্ষমতায়নের মূল পথনির্দেশনা রয়েছে মহানবী সা.-এর সিরাতের মধ্যে। তাই নতুন প্রজন্মের হৃদয়ে রাসুলুল্লাহ সা.-এর ভালোবাসা গড়ে তোলার পাশাপাশি তাঁর সুন্নাহ বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে হবে।
খুতবায় শায়খ সুদাইস পরিবারকে নবীপ্রেমের শিক্ষার প্রথম ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই মহানবী সা.-এর জীবন, চরিত্র ও আদর্শের সঙ্গে পরিচিত করে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে রাসুলুল্লাহ সা.-এর প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করা পরিবারগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

ডিজিটাল যুগে নবীজির জীবন ও সুন্নাহ প্রচারে কনটেন্ট নির্মাতাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্ভরযোগ্য ও বিশুদ্ধভাবে রাসুলুল্লাহ সা.-এর সুন্নাহ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মসজিদুল হারামের প্রধান ইমাম।
তিনি বলেন, মহানবী সা.-এর প্রতি প্রকৃত ভালোবাসা শুধু নির্দিষ্ট সময়ের আবেগ বা মৌসুমি পালন-পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তাঁর প্রতি সত্যিকারের আনুগত্যের প্রমাণ হলো দৈনন্দিন জীবনে ধারাবাহিকভাবে তাঁর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ করা।
শায়খ সুদাইস মুসলমানদের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে রাসুলুল্লাহ সা.-এর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান। তাঁর বক্তব্যে মহানবী সা.-এর সিরাতকে শুধু অতীতের ইতিহাস হিসেবে নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ মুসলিম উম্মাহর জন্য জীবন পরিচালনার মৌলিক নির্দেশনা হিসেবে তুলে ধরা হয়। সূত্র: হারামাইন আর্কাইভ
জেবি




