সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

কাদিসিয়ার যুদ্ধ

যে বিজয়ে ইরানে ইসলাম বিস্তারের পথ উন্মুক্ত হয়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

যে বিজয়ে ইরানে ইসলাম বিস্তারের পথ উন্মুক্ত হয়

ইসলামের ইতিহাসে কিছু যুদ্ধ সময়ের গতিপথ বদলে দিয়েছে। এসব যুদ্ধের প্রভাব শুধু রণাঙ্গনেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সমাজ, সংস্কৃতি ও সভ্যতার ওপরও। কাদিসিয়ার যুদ্ধ ছিল তেমনই একটি ঐতিহাসিক অধ্যায়। ৬৩৬ খ্রিস্টাব্দে খলিফা হজরত ওমর (রা.)-এর শাসনামলে সংঘটিত এই যুদ্ধের পর পারস্য সাম্রাজ্যের দীর্ঘদিনের আধিপত্যে বড় আঘাত আসে এবং ইরানে ইসলাম বিস্তারের পথ উন্মুক্ত হয়।

যুদ্ধের আগে শান্তির আহ্বান

যুদ্ধের আগে মুসলিম বাহিনী শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নিয়েছিল। খলিফা হজরত ওমর (রা.) নির্দেশ দিয়েছিলেন, প্রথমে পারস্য শাসকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে।

এই উদ্দেশ্যে মুসলিম প্রতিনিধি হজরত রবি ইবনে আমির (রা.) পারস্য সেনাপতি রুস্তমের দরবারে উপস্থিত হন। রুস্তম মুসলিমদের আগমনের কারণ জানতে চাইলে রবি ইবনে আমির (রা.) ইতিহাসে স্মরণীয় সেই বক্তব্য দেন- ‘আল্লাহ আমাদের পাঠিয়েছেন মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বের দিকে, দুনিয়ার সংকীর্ণতা থেকে আখেরাতের প্রশস্ততার দিকে এবং ধর্মগুলোর জুলুম থেকে ইসলামের ন্যায়বিচারের দিকে নিয়ে যেতে।’

তবে এই আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয়নি। শেষ পর্যন্ত কাদিসিয়ার প্রান্তরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন: ওহুদ যুদ্ধ: ত্যাগ ও ঈমানি পরীক্ষার এক অমর ইতিহাস

ঈমান, ধৈর্য ও কৌশলের অনন্য দৃষ্টান্ত

কাদিসিয়ার প্রান্তরে মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল আনুমানিক ৩০ থেকে ৩৩ হাজার। অন্যদিকে পারস্যের সুসজ্জিত বাহিনীর সদস্য সংখ্যা ছিল এক লাখ ২০ হাজারের বেশি। সংখ্যাগত ব্যবধান সত্ত্বেও মুসলিম বাহিনী ঈমান, ধৈর্য ও সামরিক কৌশলের সমন্বয়ে ইতিহাসের অন্যতম স্মরণীয় বিজয় অর্জন করে।

এই যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন সাহাবি হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)। পারস্য বাহিনীর অন্যতম শক্তি ছিল তাদের বিশাল হাতিবাহিনী। যুদ্ধের শুরুতে এই বাহিনী মুসলিম অশ্বারোহীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

পরিস্থিতি বুঝে মুসলিম সেনারা রণকৌশলে পরিবর্তন আনেন। হাতির চোখ ও শুঁড় লক্ষ্য করে আক্রমণের মাধ্যমে তাদের অগ্রযাত্রা ব্যাহত করা হয়। এতে পারস্যের হাতিবাহিনীর কার্যকারিতা কমে যায় এবং যুদ্ধের গতিপথ মুসলিম বাহিনীর অনুকূলে চলে আসে।

টানা চার দিনব্যাপী এই যুদ্ধে কয়েক দফা তীব্র সংঘর্ষ হয়। ইসলামের ইতিহাসে এই দিনগুলোকে ইয়াওমে আরমাছ, ইয়াওমে আগওয়াছ, ইয়াওমে ইমাছ ও ইয়াওমে কাদিসিয়া নামে উল্লেখ করা হয়। শেষ পর্যন্ত পারস্য বাহিনী পরাজিত হয়, সেনাপতি রুস্তম নিহত হন এবং মুসলিম বাহিনী গুরুত্বপূর্ণ বিজয় লাভ করে।

আরও পড়ুন: বদরের অলৌকিক বিজয়: যখন ফেরেশতারা নেমে এলেন যুদ্ধক্ষেত্রে

ইরানে ইসলাম বিস্তারের নতুন অধ্যায়

কাদিসিয়ার বিজয়ের পর মুসলিম বাহিনী পারস্যের রাজধানী মাদায়েন (কতেসিফন) দখল করে। এরপর জালুলা, আহওয়াজ ও নিহাওন্দের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধে বিজয়ের মাধ্যমে ইরানের বিস্তীর্ণ অঞ্চলে ইসলাম বিস্তারের পথ আরও প্রসারিত হয়।

মাদায়েনে প্রবেশের পর মুসলিম বাহিনী প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজ আদায় করেন। এই ঘটনা তাদের বিজয়ের পেছনে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মানসিকতার প্রতিফলন ঘটায়।

খলিফা ওমর (রা.)-এর দায়িত্ববোধ

মদিনায় অবস্থান করেও খলিফা হজরত ওমর (রা.) কাদিসিয়ার যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতেন। বিজয়ের সংবাদ শোনার জন্য তিনি মদিনার বাইরে গিয়ে অপেক্ষা করতেন।

যুদ্ধের ফলাফল জানাতে দূত এলে তিনি তার কাছ থেকে বিস্তারিত ঘটনা জানতে আগ্রহ প্রকাশ করেন। মুসলিম বাহিনীর প্রতি তাঁর এই উদ্বেগ ছিল দায়িত্ববোধ, নেতৃত্বের প্রজ্ঞা এবং উম্মাহর প্রতি গভীর মমত্ববোধের প্রকাশ।

ইতিহাসের এক যুগান্তকারী মোড়

কাদিসিয়ার যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই বিজয়ের পর পারস্য অঞ্চলে ইসলামের বিস্তারের পথ আরও প্রসারিত হয়।

পরবর্তী সময়ে পারস্য ও খোরাসান অঞ্চল থেকে অসংখ্য প্রখ্যাত আলেম ও মনীষীর আবির্ভাব ঘটে। তাঁরা তাফসির, হাদিস, ফিকহ, দর্শন, বিজ্ঞান ও ইসলামি জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

কাদিসিয়ার বিজয় তাই ইসলামের ইতিহাসে ঈমান, ত্যাগ, কৌশল ও দৃঢ়তার এক স্মরণীয় অধ্যায় হয়ে আছে।

তথ্যসূত্র: তারিখ আল-তাবারি; আল-বিদায়া ওয়ান নিহায়া; ফুতুহুল বুলদান

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর