ইসলামে নামাজের ফরজ, ওয়াজিব ও মৌলিক বিধান নারী-পুরুষ উভয়ের জন্য একই। তবে পর্দা, সতর রক্ষা ও শারীরিক গঠনের বিষয় বিবেচনায় নামাজের পদ্ধতি ও সংশ্লিষ্ট কিছু বিধানে পার্থক্য রয়েছে। ফিকহ শাস্ত্রের দিকপাল আল্লামা ইবনে আবিদিন শামি (রহ.)-এর ‘রদ্দুল মুহতার’সহ হানাফি ফিকহের বিভিন্ন গ্রন্থে নামাজের ক্ষেত্রে নারী-পুরুষের পদ্ধতিগত পার্থক্যের বিস্তারিত আলোচনা এসেছে। এসব পার্থক্য মূলত নামাজের আদব, হাইআত (পদ্ধতি) ও পর্দা-সংক্রান্ত বিধানের সঙ্গে সম্পর্কিত।
তাকবির ও হাত তোলা
১. হাত তোলা: পুরুষ কান পর্যন্ত হাত তুলবে, নারী তুলবে কেবল কাঁধ পর্যন্ত।
২. চাদরের ভেতর হাত রাখা: পুরুষ চাদরের বাইরে হাত বের করে তাকবির দেবে, নারী হাত ওড়নার ভেতরে রেখেই তাকবির বলবে।
৩. আঙুলের অবস্থা: হাত তোলার সময় পুরুষ আঙুল স্বাভাবিক বা কিছুটা ফাঁক রাখবে, নারী আঙুলগুলো মিলিয়ে রাখবে।
কিয়াম ও হাত বাঁধা
৪. হাত বাঁধার স্থান: পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, নারী হাত বাঁধবে বুকের ওপর।
৫. হাত রাখার পদ্ধতি: পুরুষ ডান হাতের কবজি দিয়ে বাম হাত ধরবে, নারী কেবল ডান হাতের তালু বাম হাতের পিঠের ওপর বিছিয়ে রাখবে।
৬. পায়ের দূরত্ব: পুরুষ দুই পায়ের মাঝে চার আঙুল পরিমাণ জায়গা রাখবে, নারী দুই পা মিলিয়ে দাঁড়াবে।
আরও পড়ুন: ‘আমাকে যেভাবে দেখেছ সেভাবে নামাজ পড়ো’ হাদিসে কি নারীও উদ্দেশ্য?
বিজ্ঞাপন
রুকুর নিয়ম
৭. ঝোঁকার পরিমাণ: পুরুষ রুকুতে পিঠ সম্পূর্ণ সমান রাখবে, নারী সামান্য ঝুঁকবে যেন হাত হাঁটু পর্যন্ত পৌঁছায়।
৮. কনুইয়ের অবস্থান: পুরুষ কনুই শরীর থেকে আলাদা রাখবে, নারী কনুই পাঁজরের সাথে মিলিয়ে রাখবে।
৯. হাঁটু ধরা: পুরুষ আঙুল ফাঁক করে হাঁটু আঁকড়ে ধরবে, নারী আঙুল মিলিয়ে শুধু হাঁটুর ওপর হাত রাখবে।
১০. পায়ের অবস্থান: পুরুষ রুকুতে পা সোজা খাড়া রাখবে, নারী হাঁটু সামান্য বাঁকা করে রাখবে।
সিজদার পদ্ধতি
১১. সিজদার আকৃতি: পুরুষ সিজদায় শরীর প্রসারিত রাখবে, নারী নিজেকে পুরোপুরি গুটিয়ে সিজদা করবে।
১২. পেটের অবস্থান: পুরুষ সিজদায় পেট উরু থেকে আলাদা রাখবে, নারী পেট উরুর সাথে মিলিয়ে রাখবে।
১৩. বাহুর অবস্থান: পুরুষ বাহু পাঁজর থেকে দূরে রাখবে, নারী বাহু পাঁজরের সাথে মিশিয়ে রাখবে।
১৪. কনুইয়ের অবস্থান: পুরুষ কনুই মাটি থেকে ওপরে রাখবে, নারী কনুই মাটিতে বিছিয়ে রাখবে।
১৫. পায়ের অবস্থান: পুরুষ পায়ের আঙুল খাড়া রেখে কেবলামুখী করবে, নারী দুই পা ডান দিকে বের করে মাটির সাথে মিশিয়ে রাখবে।
আরও পড়ুন: নারীদের অজু-গোসল নামাজ-রোজার গুরুত্বপূর্ণ মাসয়ালা
বসার পদ্ধতি
১৬. বসার ধরন: পুরুষ বাম পা বিছিয়ে তার ওপর বসবে, নারী দুই পা ডান দিকে বের করে নিতম্বের ওপর মাটিতে বসবে।
১৭. আঙুলের বিন্যাস: আত্তাহিয়্যাতু পড়ার সময় নারী হাতের আঙুলগুলো মিলিয়ে রাখবে।
কিরাত ও ইমামতি
১৮. কিরাত পড়া: পুরুষ উচ্চস্বরে কিরাত পড়তে পারবে, নারী এমনভাবে পড়বে যাতে গায়রে মাহরাম (পরপুরুষ) শুনতে না পায়।
১৯. ইমামতি: নারীরা নিজেদের মধ্যে জামাত করলে ইমাম কাতারের মাঝখানে দাঁড়াবে, সামনে নয়।
২০. সতর্ক করা: নামাজে ইমাম ভুল করলে পুরুষ ‘সুবহানাল্লাহ’ বলবে, নারী এক হাতের তালু অন্য হাতের পিঠে মেরে শব্দ করবে।
আরও পড়ুন: স্ত্রী-সন্তান নিয়ে জামাতে নামাজ পড়ার নিয়মটি কেমন?
অন্যান্য বিধান
২১. আজান ও ইকামত: পুরুষের ওপর আজান ও ইকামত সুন্নত, নারীদের নামাজের জন্য এর প্রয়োজন নেই।
২২. জুমা ও ঈদ: পুরুষের ওপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, নারীদের ওপর নয়।
২৩. নামাজের উত্তম স্থান: পুরুষের জন্য মসজিদ এবং নারীদের জন্য ঘরের অন্দরমহল বা কোণ নামাজের উত্তম জায়গা।
২৪. সতর: পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত। নামাজে নারীর মুখমণ্ডল ও কবজি ছাড়া পুরো শরীর ঢাকা থাকা আবশ্যক।
২৫. কাতার বিন্যাস: পুরুষের জামাতে নারীরা থাকলে তাদের কাতার হবে সবার শেষে।
হানাফি ফকিহদের মতে, এই পার্থক্যগুলোর মূল উদ্দেশ্য নারীর সতর ও পর্দা বজায় রাখা। মুসান্নাফে ইবনে আবি শায়বায় (হাদিস: ২৭৯২১-২৭৯২৪) সাহাবায়ে কেরাম ও তাবিয়িদের আমল থেকেও এর সমর্থন পাওয়া যায়। নারী যত বেশি সংকুচিত ও বিনম্র হয়ে নামাজ পড়বে, তার নামাজ তত বেশি পর্দাযুক্ত হবে। আল্লাহর কাছে নারী-পুরুষ উভয়ের নামাজই সমান মর্যাদার, পার্থক্য কেবল শারীরিক পর্দা বজায় রাখার পদ্ধতিতে।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার (ফতোয়ায়ে শামি): ১/৫৬১ (মিশরীয় সংস্করণ), ১/৫০৪; আল-বাহরুর রায়েক: ১/৩২০; মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১/২৪২; আলমগিরি: ১/৭৩




