২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের টিকা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের বিস্তারিত নিয়ম জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম ‘সেহাতি’ (Sehhaty) অ্যাপের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং পুরো প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে এই ডিজিটাল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘সেহাতি’ অ্যাপের মাধ্যমে টিকা বুকিংয়ের ক্ষেত্রে হজযাত্রীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে-
১. আবেদনকারীর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করা।
২. নতুন অ্যাপয়েন্টমেন্ট বুক করা অথবা বিদ্যমান সময় থেকে সুবিধাজনক একটি নির্বাচন করা।
৩. নির্ধারিত প্রাপ্তবয়স্ক টিকাদান ক্লিনিক নির্বাচন করা।
৪. প্রয়োজনীয় তথ্য পূরণ করে চূড়ান্ত বুকিং নিশ্চিত করা।
আরও পড়ুন: মক্কায় জাল পারমিট ও ভুয়া হজ সেবায় একজন সৌদি নাগরিকসহ তিনজন গ্রেফতার
মন্ত্রণালয় আরও জানায়, ‘সেহাতি’ অ্যাপটি একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যার মাধ্যমে হজযাত্রীরা সহজে স্বাস্থ্যসংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন। এটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং ‘হেলথ সেক্টর ট্রান্সফরমেশন প্রোগ্রাম’-এর লক্ষ্যমাত্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সব হজযাত্রীকে দ্রুত টিকা অ্যাপয়েন্টমেন্ট সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের মতে, সময়মতো টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি অনুসরণ হজযাত্রীদের ব্যক্তিগত সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ ও নিরাপদ হজ অভিজ্ঞতা নিশ্চিত করতেই এ ধরনের আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সৌদি আরব প্রতিবছর হজ মৌসুমকে সামনে রেখে স্বাস্থ্য ও ডিজিটাল সেবা ব্যবস্থাকে আরও উন্নত করে থাকে, যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হজযাত্রী নিরাপদে ইবাদত সম্পন্ন করতে পারেন।
সূত্র: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়, সউদি গেজেট




