মক্কায় প্রবেশের জাল পারমিট তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হজের ভুয়া সেবা দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং দুইজন ইন্দোনেশিয়ান প্রবাসী রয়েছেন।
মক্কা অঞ্চলের পুলিশ জানিয়েছে, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মক্কায় প্রবেশের ভুয়া পারমিট ইস্যু করার অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে মক্কার নিরাপত্তা টহল বাহিনী দুই ইন্দোনেশিয়ান প্রবাসীকে গ্রেফতার করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর সেবার বিজ্ঞাপন দিচ্ছিল।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে জাল হজ কার্ড এবং জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সৌদি আরবের জননিরাপত্তা অধিদপ্তর সকল নাগরিক ও প্রবাসীদের হজের নিয়মকানুন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। কোনো ধরনের নিয়ম লঙ্ঘন বা জালিয়াতি চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সূত্র: সৌদি গেজেট




