রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

অনুমতি ছাড়া হজে অংশগ্রহণ রোধে সৌদিতে অভিযান, গ্রেফতার ৩৪

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ১১:০১ এএম

শেয়ার করুন:

অনুমতি ছাড়া হজে অংশগ্রহণ রোধে সৌদিতে অভিযান, গ্রেফতার ৩৪

পবিত্র হজকে সামনে রেখে অনুমতিহীন ব্যক্তিদের মক্কায় প্রবেশ ঠেকাতে কঠোর অভিযান শুরু করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। সম্প্রতি জাল পারমিট, জাল নুসুক কার্ড ও জাল হজ রিস্টব্যান্ড তৈরি এবং অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টাকালে ৩৪ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই তথ্য নিশ্চিত করেছে।

মক্কা পুলিশ জানিয়েছে, জাল রেসিডেন্সি পারমিট, নুসুক কার্ড এবং জাল হজ রিস্টব্যান্ড তৈরির অভিযোগে ১৮ জন আফগান ও পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ সেবার প্রচারণা চালানোর দায়ে এক ইন্দোনেশীয় নাগরিককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একাধিক জাল হজ কার্ড পাওয়া যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হজ পারমিট ছাড়া প্রবেশ নয়: ভুয়া অফার নিয়ে সৌদি আরবের সতর্কতা

নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি এড়িয়ে অনেক ব্যক্তি মরুভূমি এলাকা দিয়ে পায়ে হেঁটে মক্কায় প্রবেশের চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টাকালে ৫ জন আফগান নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া বৈধ হজ পারমিট ছাড়া মক্কায় অবস্থানের অভিযোগে সুদান, মিসর ও ইয়েমেনের আরও ১০ জন নাগরিককে গ্রেফতার করেছে নিরাপত্তা টহল বাহিনী।

গ্রেফতারকৃতদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের মামলাগুলো পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ নীতিমালা লঙ্ঘন করলে ২০ হাজার থেকে ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সৌদি আইনে এ ধরনের অপরাধে জড়িতদের দেশ থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির ব্যবস্থাও রয়েছে।

সৌদি জননিরাপত্তা অধিদপ্তর নাগরিক ও প্রবাসীদের হজ সংশ্লিষ্ট সকল আইন ও নীতিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। বৈধ পারমিট ছাড়া হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


পাশাপাশি কোনো ব্যক্তি বা সংস্থাকে নিয়ম লঙ্ঘন করতে দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। মক্কা, রিয়াদ, মদিনা ও পূর্ব প্রদেশে অভিযোগ জানাতে ৯১১ এবং দেশটির অন্যান্য অংশে ৯৯৯ নম্বরে কল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আরব নিউজ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর