মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

হজের আগে ওমরা পালনের শেষ সময় জানালো সৌদি আরব

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

হজের আগে ওমরা পালনের শেষ সময় জানালো সৌদি আরব

চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে সৌদি আরবের অভ্যন্তরে অবস্থানরত ওমরা যাত্রীদের জন্য সময়সীমা নির্ধারণ করেছে দেশটির সরকার। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী- সৌদি নাগরিক, দেশটিতে বসবাসরত প্রবাসী এবং জিসিসিভুক্ত (পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ) দেশগুলোর নাগরিকরা আগামী ১৫ জিলকদ (৩ মে) পর্যন্ত ওমরা পালনের সুযোগ পাবেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দিষ্ট সময় পর্যন্ত মক্কায় প্রবেশের জন্য আলাদা কোনো হজ পারমিট বা বিশেষ অনুমতির প্রয়োজন হবে না। তবে ৩ মে’র পর হজের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে। তখন হজ পারমিট ছাড়া মক্কায় অবস্থান করা বা প্রবেশ করা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এবার হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি

এর আগে বিদেশ থেকে আগত ওমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমা গত ১ জিলকদ (১৯ এপ্রিল) নির্ধারণ করে দিয়েছিল দেশটির সরকার। মূলত বিদেশ থেকে হজে আসা ব্যক্তিদের ভিড় সামাল দিতে এবং হজের সুষ্ঠু প্রস্তুতি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, হজের আগে স্থানীয় ও প্রবাসীদের জন্য ওমরা পালনের এটিই শেষ সুযোগ। ফলে মক্কার মসজিদুল হারামে বর্তমানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় কয়েক গুণ বেড়ে যাওয়ায় কাবা শরিফ সংলগ্ন হোটেলগুলোতে তীব্র আবাসন সংকট দেখা দিয়েছে।

কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে ওমরা সম্পন্ন করে মক্কা ত্যাগের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। ৩ মে’র পর থেকে হজ মৌসুমের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


সূত্র: সৌদি গেজেট, আল আরাবিয়া

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর