ইসলামি শরিয়তে ইবাদতের জন্য সময়ের পবিত্রতা ও সতর্কতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ফজর নামাজের ক্ষেত্রে সময়ের বাধ্যবাধকতা খুবই সংবেদনশীল। সূর্যোদয়ের ঠিক কত সময় আগে ফজর সম্পন্ন করা নিরাপদ এবং সূর্যোদয় শুরু হয়ে গেলে নামাজের হুকুম কী- এসব বিষয়ে পবিত্র কোরআন-সুন্নাহ ও ফুকাহায়ে কেরামদের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
নামাজের নিষিদ্ধ তিন সময় ও দলিল
দিনের তিনটি সময়ে যেকোনো ধরনের নামাজ আদায় এবং মৃত ব্যক্তিকে দাফন করা ইসলামে নিষিদ্ধ। উকবা ইবনে আমির জুহানি (রা.) বলেন, আল্লাহর রাসুল (স.) তিন সময়ে নামাজ আদায় এবং মৃত ব্যক্তিকে কবরস্থ করতে আমাদের নিষেধ করতেন, সূর্য যখন আলোকজ্জ্বল হয়ে উদয় হতে থাকে তখন থেকে পরিষ্কারভাবে উপরে না ওঠা পর্যন্ত, সূর্য ঠিক মধ্যাকাশে থাকে তখন থেকে ঢলে না পড়া পর্যন্ত এবং সূর্য অস্ত যাওয়া শুরু হলে, সম্পূর্ণরূপে অস্তমিত হওয়া পর্যন্ত। (সহিহ মুসলিম: ৮৩১)
এই তিন সময়ে সেজদায়ে তেলাওয়াত এবং জানাজার নামাজ আদায় করা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নামাজের উত্তম সময়
ফজরের শেষ সময় ও নিষিদ্ধ সময়ের ব্যাপ্তি
ফজর নামাজের সময় শুরু হয় সুবহে সাদিক থেকে এবং শেষ হয় সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত। আবহাওয়া অফিস বা ক্যালেন্ডারে সূর্যোদয়ের যে সময় দেওয়া থাকে, মূলত সেই সময় থেকেই নামাজের নিষিদ্ধ সময় শুরু হয়। ফুকাহায়ে কেরামদের মতে, সূর্যোদয় শুরু হওয়া থেকে নিয়ে তা পুরোপুরি উপরে ওঠা পর্যন্ত এই নিষিদ্ধ সময়ের ব্যাপ্তি প্রায় ১০ মিনিট বা তার চেয়ে কিছুটা বেশি সময় হতে পারে। আবহাওয়া অফিসের দেওয়া সূর্যোদয়ের সময়ের পরবর্তী এই সময়টুকু পার না হওয়া পর্যন্ত কোনো নামাজ পড়া জায়েজ নয়।
বিজ্ঞাপন
নামাজরত অবস্থায় সূর্য উদিত হয়ে গেলে করণীয়
ফজর নামাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাসয়ালা হলো- যদি কেউ সূর্যোদয়ের ঠিক আগমুহূর্তে নামাজ শুরু করেন এবং নামাজ পড়া অবস্থায় সূর্য উদিত হতে শুরু করে, তবে সেই নামাজ আর সহিহ হবে না। এ বিষয়ে ফুকাহায়ে কেরামদের সুনির্দিষ্ট দিকনির্দেশনাগুলো হলো-
১. সূর্যোদয়কালীন বিধান: সূর্যোদয় শুরু হওয়ার পর থেকে তা পুরোপুরি সম্পন্ন হওয়া পর্যন্ত সময়টুকু নামাজের জন্য নিষিদ্ধ। এ সময় ফজরের ফরজসহ অন্য যেকোনো নামাজ আদায় করলে তা সহিহ হবে না।
২. নামাজ বাতিল হওয়া: সূর্যোদয়ের পূর্বে নামাজ শুরু করার পর যদি নামাজরত অবস্থায় সূর্য উঠতে শুরু করে, তবে সেই নামাজটি বাতিল হয়ে যাবে। এমতাবস্থায় সূর্য স্পষ্টভাবে উপরে ওঠার পর উক্ত নামাজটি ‘কাজা’ হিসেবে পুনরায় আদায় করা আবশ্যক।
৩. নিষিদ্ধ সময়ে কাজা আদায়: সূর্যোদয়ের এই নির্দিষ্ট নিষিদ্ধ সময়ে কেবল ওই দিনের ফজর নয়, বরং অন্যকোনো কাজা নামাজ পড়াও বৈধ নয়।
সূত্র: বাদায়েউস সানায়ে: ১/৩২৯; আলমাবসুত, সারাখসি: ১/১৫০; রদ্দুল মুহতার: ১/৩৭৩
আরও পড়ুন: আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার ফজিলত
সুরক্ষিত থাকতে করণীয়
যেহেতু সূর্যোদয়ের সময়টুকু নামাজের জন্য নিষিদ্ধ, তাই নিরাপদ থাকতে সূর্যোদয়ের অন্তত ১০ থেকে ১৫ মিনিট আগে ফজর সম্পন্ন করে নেওয়া উত্তম। কারণ শেষ মুহূর্তে নামাজ শুরু করলে অনিচ্ছাকৃতভাবে সূর্যোদয়ের কবলে পড়ার ঝুঁকি থাকে, যা ইবাদতকে ত্রুটিপূর্ণ করে দেয়।
যদি কোনো কারণে সূর্যোদয় হয়ে যায়, তবে সেই নিষিদ্ধ সময়ে নামাজ না পড়ে সূর্য স্পষ্টভাবে উপরে ওঠার পর (ইশরাকের সময়) তা কাজা হিসেবে আদায় করে নিতে হবে।
সময়ের বরকত ও ইবাদতের বিশুদ্ধতা রক্ষায় সূর্যোদয়ের নিরাপদ সময় আগেই ফজর সম্পন্ন করা প্রত্যেক মুমিনের দায়িত্ব। আবহাওয়া অফিসের নির্ধারিত সূর্যোদয়ের সময়ের অন্তত ১০-১২ মিনিট আগে নামাজ শেষ করা একটি নিরাপদ ও মাসয়ালাসম্মত আমল। আল্লাহ আমাদের সঠিক সময়ে ইবাদত সম্পন্ন করার তাওফিক দান করুন।




