মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ কি সত্যিই দরুদ?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ কি সত্যিই দরুদ?

মুসলিম সমাজে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বাক্যটি মহানবী (স.)-এর নামের সঙ্গে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়। তবে অনেক মুসলিম এখনও বিভ্রান্ত যে এটি কি শুধু সম্মানসূচক বাক্য নাকি পূর্ণাঙ্গ দরুদ? কোরআন, হাদিস এবং ইসলামি স্কলারদের ব্যাখ্যা অনুযায়ী বিষয়টি এখানে পরিষ্কারভাবে তুলে ধরা হলো।

‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ কি দরুদ?

হ্যাঁ, এটি দরুদ। দরুদ হলো নবীজির জন্য আল্লাহর রহমত ও শান্তি কামনা। ‘সাল্লাল্লাহু আলাইহি’ অর্থ আল্লাহ তাঁর ওপর রহমত বর্ষণ করুন, ‘ওয়া সাল্লাম’ অর্থ শান্তি বর্ষণ করুন। সুতরাং, এটি দরুদ ও সালামের সংমিশ্রণ, যা কোরআনের নির্দেশকে (সুরা আহজাব: ৫৬) পূর্ণ করে।

কোরআন ও হাদিসে দরুদের আদেশ

আল্লাহ তাআলা বলেন, ‘নিঃসন্দেহে আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠান, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরাও নবীর ওপর দরুদ পাঠাতে থাকো এবং উত্তম অভিবাদন (সালাম) পেশ করো।’ (সুরা আহজাব: ৫৬)

রাসুল (স.) বলেছেন, ‘যে আমার ওপর একবার দরুদ পড়বে আল্লাহ তার ওপর ১০টি রহমত নাজিল করবেন, তার ১০টি গুনাহ ক্ষমা করা হবে এবং ১০টি দরজা বুলন্দ হবে।’ (নাসায়ি: ১/১৪৫; মুসনাদে আহমদ: ৩/১০২; মুসান্নাফ ইবনে আবি শাইবা: ২/৪৩)


বিজ্ঞাপন


এছাড়া তিনি বলেন, ‘যে ব্যক্তি আমার ওপর বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার অধিকতর নিকটবর্তী হবে।’ (তিরমিজি: ৪৮৪)

আরও পড়ুন: সকাল- বিকেল ১০ বার দরুদ পড়লে যা পাবেন

‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’-এর বিকল্প দরুদ

  • দরুদে ইবরাহিম (নামাজে পড়া হয়)।  (সহিহ বুখারি: ৩৩৭০; সহিহ মুসলিম: ৪০)
  • ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসাল্লিম।’ অর্থ: হে আল্লাহ, মুহাম্মদ (স.)-এর ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন। (সুনান তিরমিজি: ৩১৪)
  • ‘আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।’ অর্থ: হে নবী, আপনার ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। (সহিহ বুখারি: ৮৩১)
  • ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি।’ অর্থ: হে আল্লাহ! উম্মী নবী মুহাম্মদের ওপর রহমত বর্ষণ করুন। (তারগিব ওয়াত-তারহিব: ১৬৫৪)

আরও পড়ুন: দরুদের কারণে যেভাবে গায়েবি সাহায্য আসে

তবে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ এবং দরুদে ইবরাহিম দরুদের সর্বাধিক প্রচলিত রূপ। নবীজির নাম শুনলে সাধারণত ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পড়া হয়। সলফে সালেহিনরা এই দরুদ পড়তেন। অবশ্য নবীজির নাম শুনে যেকোনো দরুদ পড়া যাবে। একই মজলিসে বারবার নবীজির নাম নিলে, প্রথমবার দরুদ পড়া ওয়াজিব, পরে মোস্তাহাব। যেকোনো সময় ও স্থানে দরুদ পড়া যায়। হাঁটতে হাঁটতে বা যেকোনো অবস্থায় দরুদ পাঠ করা সম্ভব।

অতএব, ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ একটি পূর্ণাঙ্গ দরুদ। নিয়মিত পড়লে আল্লাহর রহমত, গুনাহ মাফ এবং নবীজির নিকটবর্তী হওয়ার ফজিলত লাভ হয়। আল্লাহ আমাদের নবীজির নাম নেওয়ার সময় এবং যেকোনো সময় বেশি বেশি দরুদ পাঠ করার তাওফিক দিন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর