শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

আল্লাহর বিশেষ দয়া পেতে এই ১০ আমল আজই শুরু করুন!

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

আল্লাহর বিশেষ দয়া পেতে এই ১০ আমল আজই শুরু করুন!

আল্লাহ তাআলা দয়ার সাগর। তাঁর রহমত এমন এক মহামূল্যবান নেয়ামত, যা সমস্ত সৃষ্টির জন্য উন্মুক্ত। তবে কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে—এই দয়ার বিশেষ রূপ শুধুমাত্র ওসব মুমিনদের জন্য বরাদ্দ, যারা বিশ্বাস, কর্ম ও আত্মত্যাগের মাধ্যমে নিজেদের যোগ্য প্রমাণ করে। এখানে কোরআন-হাদিসের আলোকে আল্লাহর রহমত পাওয়ার ১০টি উপায় বর্ণনা করা হয়েছে, যা প্রতিটি মুমিনের জানা প্রয়োজন।

১. সৃষ্টির প্রতি দয়া দেখানো

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দয়াশীলদের ওপর আল্লাহ দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, যাতে আকাশের মালিকও তোমাদের প্রতি দয়া করেন’ (আবু দাউদ: ৪৯৪১)। একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করালে আল্লাহ ক্ষমা করেন—এমন উদাহরণও হাদিসে রয়েছে।

২. ফরজ ইবাদত পালন

নামাজ, রোজা, জাকাতের মতো ফরজ কাজগুলো আল্লাহর দয়া পাওয়ার মূল চাবিকাঠি। সূরা নুরে আল্লাহ বলেন, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো।’ (আয়াত: ৫৬)

৩.  ইহসান বা আন্তরিকতার সঙ্গে আমল

নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে আল্লাহ খুশি হন। সুরা আরাফে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী।’ (আয়াত: ৫৬)

আরও পড়ুন: গুনাহগার বান্দা যেভাবে ডাকলে আল্লাহ ক্ষমা করে দেন

৪. তাকওয়া অবলম্বন

আল্লাহভীরু ব্যক্তিরাই তাঁর রহমতের বেশি হকদার। সূরা আরাফে ইরশাদ হয়েছে, ‘আমার দয়া- তা তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে। কাজেই আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, ঈমান আনে।’ (আয়াত: ১৫৬)

৫. কোরআন তেলাওয়াত ও চর্চা

কোরআন শুনলে, পড়লে এবং বুঝে আমল করলে আল্লাহর রহমত নেমে আসে। সূরা আনআমে বলা হয়েছে, কোরআনের অনুসরণ করলে দয়া করা হবে।’ (আয়াত: ১৫৫)

৬. কোরআন শ্রবণ

মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনা দয়ার পথ খুলে দেয়। ইরশাদ হয়েছে, ‘যখন কোরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাক, যাতে তোমরা রহমত লাভ কর।’ (সুরা আরাফ: ২০৪)

আরও পড়ুন: কোরআনের তেলাওয়াত শুনলে যে সওয়াব

৭. দ্বীনি কাজে কষ্ট স্বীকার

হিজরত ও জিহাদের পথ বেছে নেওয়া মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহের প্রতিশ্রুতি বহন করে। (সুরা বাকারা: ২১৮)

৮. সুন্নাহর অনুসরণে রহমত মেলে

আল্লাহ বলছেন- ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো, যাতে তোমরা দয়া লাভ করতে পারো।’ (সুরা আলে ইমরান: ১৩২)

৯. ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা

ইস্তেগফার আল্লাহর দয়ার দরজা খুলে দেয়। সূরা নামলে নবী সালেহ (আ.) তাঁর সম্প্রদায়কে বলেছিলেন, ‘কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না যেন তোমাদেরকে রহমত করা হয়?’ (আয়াত: ৪৬)

১০. রহমত লাভের দোয়া

সুরা কাহফের দোয়া— رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَۃً ‘হে আমাদের রব! আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন’ (আয়াত: ১০)—প্রতিদিন পড়ুন।

মহান আল্লাহর রহমত অর্জন কোনো কঠিন বিষয় নয়। সামান্য প্রচেষ্টাতেই একজন বান্দা পরম করুণাময়ের বিশেষ সান্নিধ্য পেতে পারেন। আসুন, আমরা তাঁর দয়া লাভের এই সহজ উপায়গুলো নিজেদের জীবনে প্রয়োগ করি। ‘হে আল্লাহ! আমাদেরকে আপনার অফুরন্ত রহমতের অংশীদার করুন, আমিন’।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর