কোরআন মাজিদ সাধারণ কোনো বই নয়। এটি মহান আল্লাহর কালাম এবং পৃথিবীতে সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থের সম্মান রক্ষা করা ফরজ এবং সম্মানহানী করা নাজায়েজ।
তাই পবিত্র কোরআনের আয়াত দৃশ্যমান অবস্থায় তা নিয়ে অপবিত্র জায়গায় যেমন টয়লেটে যাওয়া জায়েজ নেই। তবে, আবৃত অবস্থায় থাকলে যেমন তাবিজের খোলের ভেতর কিংবা পকেটে আবৃত অবস্থায় থাকলে নাজায়েজ হবে না।
অবশ্য যদি জামা বেশি পাতলা হয় এবং বাহির থেকে পকেটের ভেতরে থাকা কোরআনের লেখা দৃশ্যমান হয়, তাহলে তা বাইরে রেখে যাবে অথবা আরেকটি কাগজ দিয়ে আয়াতের লেখা কাগজ ঢেকে নিয়ে এরপর পকেটে রাখবে।
তবে সর্বাবস্থায় কোরআনের আয়াত লেখা কাগজ বা তাবিজ ইত্যাদি খুলে রেখে টয়লেটে যাওয়া উত্তম।
(তাবয়িনুল হাকায়েক: ১/১৬৭; ফাতহুল কাদির: ১/১৫০; হালবাতুল মুজাল্লি: ১/১৯১; খুলাসাতুল ফতোয়া: ১/১০৫; তাতারখানিয়া: ১/২১৯; হিন্দিয়া: ১/৫০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকি পৃ. ৩০; রদ্দুল মুহতার: ১/৩৪৫; বজলুল মাজহুদ: ১/৪৯)




