রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

ইসতিসকার নামাজে হাত উল্টিয়ে দোয়া করতে হয় কেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

ইসতিসকার নামাজে হাত উল্টিয়ে দোয়া করতে হয় কেন

সালাতুল ইসতিসকা বা বৃষ্টির জন্য নামাজ আদায় করা সুন্নত। অনাবৃষ্টি ও প্রচণ্ড রোদের তাপমাত্রা বেড়ে গেলে এই নামাজ এবং নামাজশেষে দোয়ার করার কথা এসেছে হাদিস শরিফে। দোয়ার নিয়ম কিছুটা ভিন্ন।

দোয়ার ক্ষেত্রে সাধারণত সুন্নত হলো, উভয় হাত আসমানের দিকে উঠিয়ে দোয়া করা। কিন্তু বিপদ-আপদ, ব্যাপক মসিবত ইত্যাদির ক্ষেত্রে নবীজ (স.) হাত উল্টিয়ে দোয়া করতেন। এই অবস্থায় হাতের তালুর দিক জমিনের দিকে থাকত আর হাতের পিঠ থাকত আসমানের দিকে। 


বিজ্ঞাপন


ইসতিসকার দোয়াও দ্বিতীয় প্রকার দোয়ার অন্তর্ভুক্ত। কেননা এই দোয়াও মসিবতকেন্দ্রিক। হজরত আনাস বিন মালিক (রা.) বলেন, ‘নবী (স.) ইসতিসকার দোয়া করেছেন এবং দোয়ার সময় তিনি উভয় হাতের পিঠ দ্বারা আসমানের দিকে ইশারা করেছেন।’ (মুসলিম: ২১১২)

এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নববি (রহ) বলেন, ‘প্রত্যেক বিপদ-আপদ ইত্যাদি দূর করার দোয়ার ক্ষেত্রে সুন্নত হলো, হাত উল্টিয়ে দোয়া করা।’ আল্লামা সুয়ুতি (রহ) বলেন, আল্লাহর কাছে চাওয়া-পাওয়ার আশা নিয়ে যে দোয়া করা হবে সেই দোয়ায় হাতের তালু আসমানের দিকে থাকবে আর ভয়-ভীতি ও বিপদ-আপদ দূর হওয়ার জন্য যে দোয়া করা হবে সেই দোয়ায় হাতের পিঠ থাকবে আসমানের দিকে। (আদ-দুররুল মানছুর: খ. ৫, পৃ. ৬৭০-৭১)

আরও পড়ুন: সালাতুল ইসতিসকা পড়ার নিয়ম

বিপদ-আপদ ও ভয়-ভীতি দূর হওয়ার দোয়ার ক্ষেত্রে হাত উল্টিয়ে দোয়া করা সুন্নত বিষয়ে আল্লামা শাওকানি (রহ) বিস্তর আলোচনা করেছেন। (ফাতহুল কাদির: খ. ৩, পৃ. ৫০২) 


বিজ্ঞাপন


হানাফি মাজহাবের প্রসিদ্ধ ইমাম, আল্লামা সারাখসি (রহ) এই বিষয়ে আরো বিস্তর আলোচনা করেছেন। ইমাম আবু ইউসুফ (রহ) তাঁর কথার স্বীকৃতি প্রদান করেছেন। (আল-মাবসুত: খ. ১, পৃ. ১৬৬)

ইমাম মালিক (রহ)-এর কাছে ইসতিসকার দোয়া কীভাবে করা হবে জানতে চাওয়া হলে তিনিও হাত উল্টিয়ে দোয়া করার কথা বলেছেন এবং তিনি নিজেও জুমার নামাজের পর মুসলমানদের এমন সংকটের সময় এভাবে দোয়া করেছেন। (আল-মুদাওয়ানা: খ. ১, পৃ. ৪২০)

আরও পড়ুন: কল্যাণকর বৃষ্টির জন্য যে দোয়া করা সুন্নত

এছাড়াও শাফেয়ি মাজহাবের প্রসিদ্ধ হাদিস বিশারদ ও ফকিহ, শায়খুল ইসলাম জাকারিয়া আনসারি (রহ)-ও বিপদাপদে দোয়ার ক্ষেত্রে হাত উল্টিয়ে দোয়া করার অভিমত ব্যক্ত করেছেন। (আসনাল মাতালিব: খ. ১, পৃ. ১৬০)
 
হানবলি মাজহাবের প্রসিদ্ধ হাদিস বিশরাদ আল্লামা ইবনে মুফলিহ (রহ) হজরত আনাস (রা.) থেকে এভাবে হাত উল্টিয়ে নবী (স.) মাঝেমধ্যে দোয়া করতেন মর্মে হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি তিনি বিশুদ্ধ বলেছেন। (আল-ফুরু‘: খ. ২, পৃ. ২৩৫) আল্লামা ইবনে রজব হানবলি (রহ)-ও হাত উল্টিয়ে দোয়া করার কথা বলেছেন। (ফাতহুল বারি: খ. ৯, পৃ. ২২৪, জামিউল উলুমি ওয়াল হিকাম: খ. ১, পৃ. ২৯০-১৯১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যেকোনো পরিস্থিতিতে নবীজির সুন্নত তরিকা অবলম্বনের তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর