বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

অজুর সময় কথা বলা কি মাকরুহ?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

অজু করার সময় কথা বলা কি মাকরুহ?

ইসলামে অজু একটি গুরুত্বপূর্ণ বিধান। নামাজের আগে অজু করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন,  ‘হে মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসেহ করো ও দুই পা টাখনু পর্যন্ত ধৌত করো’। (সূরা মায়েদা: ৬)

হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, ‘বেহেশতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হলো অজু’। (মুসনাদে আহমদ: ৩, ৩৪০ পৃ.)


বিজ্ঞাপন


তাই অজুর সময় প্রয়োজন ছাড়া কথা বলা উচিত নয়। (আল ফিকহুল ইসলামি: ১/৩৫২) তবে কথা বললেও অজুর ক্ষতি হবে না বা অজু মাকরুহ হবে না। (খুলাসাতুল ফতোয়া: ১/২৫; হালবাতুল মুজাল্লি: ১/৯৪; আসসেআয়া: ১/৮০; ফতোয়ায়ে তাতারখানিয়া: ১/২২৭, ১৮০)

আরও পড়ুন
যেসব কারণে অজু করা ফরজ, যখন ওয়াজিব-মোস্তাহাব
যেসব কারণে অজু ভেঙে যায় যেসব কারণে ভাঙে না
সবসময় অজু অবস্থায় থাকলে যে উপকার হয়

আলেমরা অজুর সময় কথা বলতে নিরুৎসাহিত করার অন্যতম কারণ হলো- স্বাভাবিকভাবে একসঙ্গে দুটি কাজ করলে কোথাও ভুল হতে পারে। তাই অপ্রয়োজনে কথা না বলাটাই ভালো। তারপরও কেউ কথা বললে অজু নষ্ট হবে—মর্মে কোনো হাদিস নেই।

অজুর সময় যেসব কাজ করা মাকরুহ
অজুতে কিছু কাজ করা মাকরুহ বা অপছন্দনীয়। তবে সেগুলো করলে অজু ভাঙবে না কিংবা অজুর কোনো ক্ষতি হবে না। যেমন—


বিজ্ঞাপন


♦ পানির অপচয় করা। (ইবনে মাজাহ: ৪১৯; আবু দাউদ: ৮৮)

♦ পানি ব্যবহারে অত্যধিক কার্পণ্য করা। (আবু দাউদ: ১১৬; মুসলিম: ৩৫৪)

♦ মুখের ওপর জোরে পানি মারা। (কানজুল উম্মাল: ৯/৪৭৩)

আরও পড়ুন
তায়াম্মুম করার নিয়ম কী, কখন করতে হবে?
অজু করে ঘুমানোর বিস্ময়কর ফজিলত

♦ দুনিয়াবি কথা বলা। (ফতোয়ায়ে আলমগিরি: ১/৯৮)

♦ অন্যের সাহায্য নেওয়া। (মুসনাদে আবি ইয়ালা: ১/২০০) তবে অপারগ অবস্থায় অন্যের সাহায্য নেওয়ায় কোনো সমস্যা নেই। (আল মুজামুল কাবির: ৩৮৫৭)

♦ তিনবার মাথা মাসেহ করা এবং প্রতিবার পানিতে হাত ভেজানো। (আবু দাউদ: ১১৬, কানজুল উম্মাল: ২৭০২৪)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অজু-নামাজের বিধি-বিধানসহ সব বিষয়ে ইসলামি শরিয়তের নির্দেশনা মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর