শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ
সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।

নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন এবং আরেক পরিবারের তিনজন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক দুইটার দিকে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

কনস্যুলেট ও আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি সূত্র জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে।

একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এ ছাড়া মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলম শাহ এবং তাঁর এক মাস বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান।

তবে নিহতদের সবার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

কনস্যুলেট সূত্র জানায়, দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মরদেহগুলো কবে দেশে পাঠানো হবে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে নিহত ব্যক্তিদের স্বজনদের পাশে থাকবে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর