শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

‘বিতর্কিত’ পাঠ্যক্রম বাতিলের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

‘বিতর্কিত’ পাঠ্যক্রম বাতিলের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

শিক্ষাক্রম, ২০২৩ সংস্কার ছাড়াও বিতর্কিত পাঠ্যক্রম বাতিলসহ পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ওই বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ‘শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়নি, বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেওয়া হয়েছে। আগামী প্রজন্মকে রক্ষার জন্য এ পাঠ্যক্রম বাংলাদেশে পড়তে দেওয়া উচিত হবে না।’


বিজ্ঞাপন


ইসলামী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘শিক্ষকরা জাতির বিবেক। শিক্ষাক্রম প্রণয়নে জাতির বিবেকরা যখন চৌর্যবৃত্তির আশ্রয় নেয়, তখন তা জাতির জন্য লজ্জার। ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে এবং আগামীর প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিণত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে।’

>> আরও পড়ুন: পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি

‘দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম’ দেশের সর্বস্তরের শিক্ষার্থী অভিভাবক বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি বলেন, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তি দিতে হবে। অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে সংগঠনটির সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর বলেন, শিক্ষা সিলেবাসকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা অঙ্কন করা হচ্ছে। পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে।


বিজ্ঞাপন


এ সময় বিতর্কিত শিক্ষাক্রম বাস্তবায়নের চেষ্টা করলে সচেতন শিক্ষার্থীরা রাজপথে নেমে আসতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।

>> আরও পড়ুন: নতুন শিক্ষাক্রম দক্ষ, মানবিক মানুষ হতে শেখাবে: শিক্ষামন্ত্রী

এ দিন বিক্ষোভ মিছিল থেকে বিতর্কিত শিক্ষাক্রম বাতিলের দাবিতে আগামী ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দেশব্যাপী থানা পর্যায়ে মানববন্ধন ছাড়াও উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচী ঘোষণা করা হয়। পাশাপাশি আগামী ২৯ জানুয়ারি (রোববার) এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট চিঠি প্রেরণ করা হবে বলেও জানানো হয়।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল বশর আজিজী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ মুহাম্মদ মাহবুবুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আল আমিন, প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন নূর, কওমি মাদরাসা সম্পাদক হোসাইন আহমাদ, কার্যনিবাহী সদস্য মুহাম্মাদ রায়হান চৌধুরী, জাবের হুসাইন, খায়রুল আহসান মারজান প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএই/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর