শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

নতুন শিক্ষাক্রম দক্ষ, মানবিক মানুষ হতে শেখাবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ১১:১৮ পিএম

শেয়ার করুন:

নতুন শিক্ষাক্রম দক্ষ, মানবিক মানুষ হতে শেখাবে: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হতে শেখাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই সঙ্গে তিনি বলেছেন, এবার যে বই গেছে, সেখানে বলা আছে পরীক্ষামূলক সংস্করণ। আমরা বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের সঙ্গে বসেছি। এরপরও অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। এছাড়াও সামাজিক মাধ্যম ব্যবহার করে মিথ্যা রটানো হচ্ছে। নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার করছে, বিরোধিতা করছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম নিয়ে কথা হচ্ছে। দরকার কারণ হচ্ছে, যে পদ্ধতিতে পাঠদান করা হয় তার রূপান্তর যদি করা না যায় তাহলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মেলাতে পারব না। আমরা শুধু মুখস্থ করেছি, কাজে লাগাতে পারিনাই। নতুন শিক্ষাক্রমে শেখানোর পদ্ধতিতে পরিবর্তন আসবে। প্রতিটি শিক্ষার্থী একটু একটু করে শিখবে। শেখাটা যেন হয় আনন্দময়, পরীক্ষাভিতি যেন না থাকে সেই রূপান্তর হবে। পরীক্ষা থাকবে, অনেকেই বলেছেন পরীক্ষা নেই। প্রাক-প্রাথমিক থেকে খেলতে খেলতে শিখবে বাচ্চারা।

>> আরও পড়ুন: আর হবে না জেএসসি-জেডিসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর সম্মতি

ড. দীপু মনি বলেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদককে অভিনন্দন জানাই। চাঁদপুর নতুন কমিটিকে অভিনন্দন জানাই। আমার বাবা এই পেশার মানুষ। এই চাঁদপুরের অনেক সাংবাদিকের হাতেখড়ি আমার বাবার হাত ধরেই। আমি এই পরিবারের একজন। বঙ্গবন্ধু যেটিকে সোনার বাংলা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা এখন সেটিকে স্মার্ট বাংলাদেশ করতে যাচ্ছেন। আমর অনেক দূর যেচে চাই। স্বাধীন করে দিয়েছেন জাতির পিতা, এগিয়ে নিচ্ছেন কন্যা। ডিজিটাল দেশ হয়েছে, স্মার্ট হবো, অনেক দূর যেতে হবে।

মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম দক্ষ, মানবিক মানুষ হতে শেখাবে। এবার যে বই গেছে সেখানে বলা আছে পরীক্ষামূলক সংস্করণ। আমরা বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের সাথে বসেছি। এরপরও অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। বিজ্ঞান বইয়ে যে ভুল হয়েছে সে বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন। এরপরও কোনো বিষয়ে নজরে এলে আমাদের জানাবেন, আমরা সংশোধন করব। নবম-দশম শ্রেণির বই নিয়ে কথা হয়েছে, এই বইগুলো কিন্তু নতুন শিক্ষাক্রমের বই নয়। যে তিনটি বিষয় বলা হয়েছে ভুল আছে। এগুলো ২০১৩ সাল থেকেই আছে। তার মানে সবাই ভালো করে পড়ছেন এটি ভালো বিষয়। এ বছর শনাক্ত হয়েছে আমরা সংশোধন করে দিচ্ছি।


বিজ্ঞাপন


>> আরও পড়ুন: সরকারি স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন

এ নিয়ে কিছু অপপ্রচার চলছে জানিয়ে তিনি বলেন, ইসলাম ধর্ম বই থেকে নবিজির বিষয়ে সব সরিয়ে ফেলা হয়েছে বলে অপপ্রচার চালানো হয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহার করে মিথ্যা রটানো হচ্ছে। নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার করছে, বিরোধিতা করছে। নতুন রূপান্তর ঘটানোর যে শিক্ষাক্রম সেখানে মাদরাসা শিক্ষায় পরিবর্তন নিয়ে আসছি। আলেমরা এখানে কিছু বিষয়ে নজরে এনেছেন। আমরা কাজ করছি। আমাদের শিক্ষার্থীরা উদ্ভাবন করবে, স্মার্ট বাংলাদেশ গড়বে। উচ্চ শিক্ষায়ও পরিবর্তন আসবে।

পড়াশোনা আর চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম তৈরি হয়েছে শিক্ষার্থীদের নতুন কিছু জানাতে ও শেখাতে। যা তাদের নতুন চিন্তাধারার পথ দেখাবে।

এ দিন অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ছাড়াও চাঁদপুরের শিল্পপতি এম এন মুরাদ খানকে সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জাতীয় প্রেসক্লাবের ফরিদা ইয়াসমিন নবনির্বাচিত চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, চাঁদপুর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সাংবাদিকতায় চাঁদপুরের বর্ণাঢ্য ইতিহাস আছে। সাংবাদিকতা মানুষের জন্য পেশা, মানুষের সঙ্গে থাকার পেশা, তাদের জন্য কাজ করার পেশা।

>> আরও পড়ুন: কি পুরস্কার পাচ্ছেন প্রাথমিকের বর্ষসেরারা?

ফরিদা ইয়াসমিন বলেন, সাংবাদিকরা যারা কাজ করবেন অবশ্যই দায়িত্বশীলতার সঙ্গে করবেন। আগামীর নির্বাচনের কথা এসেছে অনেকের বক্তব্যে। আগামীর নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন আজ বিশ্বের বিস্ময়। এই উন্নয়ন কারা এগিয়ে নিতে পারবে সে হিসেব করলে আপনারা সিদ্ধান্ত পাবেন। যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সেই স্বপ্ন আজ এগিয়ে নিচ্ছেন তারই কন্যা। যে দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে, রক্তের বিনিময়ে হয়েছে সেটি আমাদের মনে থাকলে আমরা লক্ষ্যচ্যুত হব না। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। সফল হতে হলে লক্ষ্য থাকতে হবে।

এছাড়া অন্যদের মধ্যে শ্যামল দত্ত বলেন, ১৪ কোটি মোবাইল গ্রাহক, অনেকেই ফেসবুক ব্যবহারকারী। পত্রিকা পড়ার সময় কই, তবুও সবাই আপডেট। দেশের সবচেয়ে বড় জনশক্তি তরুণ। ৮১৭টি দৈনিক বের হয় দেশ থেকে অথচ ১৪ কোটি মোবাইল গ্রাহক। ইদানিং দেখছি অনেকেই টেলিভিশন দেখছে না, দেখছে ইউটিউব, রিল, ভিডিও ক্লিপ।

>> আরও পড়ুন: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে এইচএসসির ফল

শ্যামল দত্ত বলেন, গণমাধ্যম কর্মী হিসেবে ভালো কাজের প্রশংসা করব, মেট্রোরেলে প্রশংসা করব, পদ্মা সেতুর-রাস্তাঘাটের প্রশংসা করব। আবার যেটি জনগণের পক্ষে যাচ্ছে না সেটির সমালোচনাও করব, এটিই গণমাধ্যম কর্মীদের কাজ।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

ডব্লিউএইচ/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর