জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে যে সম্পদ লুণ্ঠন করেছে তা পূরণ হবার না। তারা দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।’
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও-ভাঙচুর ও লুটপাট বিরোধী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হুইপ দুলু বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এদের দ্বারা দেশে আর নৈরাজ্য হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে যে সম্পদ লুণ্ঠন করেছে তা পূরণ হবার না। তারা দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগের আমলে দেশের কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। ডিজিটাল কালো আইন দিয়ে দীর্ঘ ১৮ বছর দেশের মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। সরকার সকল গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করবে।’
হুইপ দুলু আরও বলেন, ‘দীর্ঘদিন পর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। বিএনপি এই ধারা বিপন্ন করবে না। ’
তিনি বলেন, ‘শেখ হাসিনার হাতে কোনদিনই গণতন্ত্র নিরাপদ ছিল না। ’
সমাবেশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএইচএইচ/এএম




