শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

পতিত স্বৈরতন্ত্রের ফেরার পাঁয়তারা জনগণের ঐক্যেই রুখতে হবে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

পতিত স্বৈরতন্ত্রের ফেরার পাঁয়তারা জনগণের ঐক্যেই রুখতে হবে: সাইফুল হক
শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবসে তার সমাধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুষ্পস্তবক অর্পণ।

পতিত স্বৈরতন্ত্রের ফেরার পাঁয়তারা জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (২৭ নভেম্বর) শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে ড্যাব আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।

সাইফুল হক বলেন, ‘মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভোটাধিকার ও গণতান্ত্রিক ধারার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই গণতান্ত্রিক উত্তরণের পথ বাধাগ্রস্ত করা যাবে না।’

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের কার্যকর ঐক্য। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরতন্ত্রের পক্ষেই আবার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘শহীদ মিলনের সংগ্রামী চেতনায় উদ্দীপ্ত হয়ে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের শক্তিকে নতুন পর্যায়ে নিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ ফেরার যে কোনো চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।’

১৯৯০ সালের আন্দোলনের স্মৃতিচারণ করে সাইফুল হক বলেন, ‘আমরা ব্যক্তি এরশাদকে বিদায় দিয়েছিলাম, কিন্তু স্বৈরতান্ত্রিক কাঠামো ও ফ্যাসিবাদী চিন্তা ও মানসিকতা পুরোপুরি ভাঙতে পারিনি। পরবর্তীতে স্বৈরতন্ত্রের সঙ্গে আপস ও যোগসাজশের রাজনীতি গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক হয়েছে।’

হাসিনা সরকারের প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ভোট ও ভাতের অধিকারের কথা বলে ক্ষমতায় এসেছিলেন, তারাই প্রায় দেড় দশক মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্মম স্বৈরতান্ত্রিক, ফ্যাসিবাদী দুঃশাসন চালিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘১৫ বছরের লড়াই এবং পরবর্তী ৩৬ দিনের সংগ্রামকে গণঅভ্যুত্থানে পরিণত করে আমরা স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছি। কিন্তু পতিত স্বৈরতন্ত্র এখনো বিভাজনকে কাজে লাগিয়ে ফেরার পাঁয়তারা করছে।’

হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সাইফুল হক বলেন, ‘দায় স্বীকার, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়া আবার স্বৈরতন্ত্রের ঘোষণা দিয়ে রাজনীতি আবাদ করা যাবে না। আইনের মুখোমুখি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও চোরাগোপ্তা পথে ফেরার পাঁয়তারা কেন?’

শ্রদ্ধা নিবেদনকালে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম, ঢাকা মহানগর বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মো. ইব্রাহিম হোসেন রনি ও পার্টির সদস্য নান্টু দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর