বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘বাংলাদেশ নিয়ে নেওয়ার’ হুমকি বিজেপি মন্ত্রীর, কড়া প্রতিবাদ জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

‘বাংলাদেশ নিয়ে নেওয়ার’ হুমকি বিজেপি মন্ত্রীর, কড়া প্রতিবাদ জামায়াতের
জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার ও ভারতের বিজিপি মন্ত্রী অর্জুন সিং।

বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের দেওয়া বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘কোনো আধিপত্যবাদী শক্তির হুমকি-ধমকিতে বাংলাদেশের জনগণ ভয় পায় না। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় অতিক্রম করেছে। মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। অথচ সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। তার এ বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ, স্পষ্ট অবমাননা এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ। এমন আগ্রাসনমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের জনগণ অতীতেও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে। কোনো আধিপত্যবাদী শক্তির হুমকি-ধমকিতে তারা ভয় পায় না। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং থাকবে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ভারতে আশ্রয় নেওয়া পতিত ফ্যাসিবাদীদের বাংলাদেশে ফেরত না দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের জনগণের প্রতি অসম্মান প্রদর্শন করে চলেছে। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমমর্যাদা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে ভারতের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও উসকানি দেওয়া থেকে বিরত থাকতে হবে। চব্বিশের জুলাই বিপ্লবে হাজার হাজার নাগরিককে হত্যাকারী এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে ভারতীয় সরকারের একজন মন্ত্রীর এমন বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার শামিল। এ ধরনের আধিপত্যবাদী ও আগ্রাসী বক্তব্য প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক নিশ্চিত করতে হবে।’

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর