সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডাকসু নেতা মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

শেয়ার করুন:

ডাকসু নেতা মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ডাকসু পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাগরিকদের জানমালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শক্তিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার ভোররাতে সন্ত্রাসী গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি, জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রামের বাড়িতে আগুন দিয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিকদের জীবন ও সম্পদ ধ্বংস করে সমাজের মূল ধারায় টিকে থাকতে পারেনি। পতিত স্বৈরাচার এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আবারও ফিরে আসার যে চেষ্টা করছে, তা সফল হবে না। দেশে আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না। জনগণ কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, বিএনপি সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাচ্ছে। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা দায় এড়াতে পারেন না।

বিবৃতিতে অবিলম্বে আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন জামায়াতের এই নেতা।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর