সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক: ছবি: পিএমও

ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন বলে মনে করেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসসহ দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের বিষয়টিও আলোচনায় এসেছে।

তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

image

নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্য এবং জুলাইয়ের ঐক্যের প্রশ্নে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা করার আহ্বানও জানিয়েছে এনসিপি।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, তা এখনো শেষ হয়নি। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে টেকসই করতে সংস্কার জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা তৈরি না হলে দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না।

বৈঠকে বর্তমান সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। দলটির মতে, বর্তমান কমিটি সংস্কারপ্রক্রিয়া, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা তৈরি করছে।

এ ছাড়া জুলাইয়ের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং জেলা পর্যায়ের মামলাগুলোর আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে দলটি। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর এবং ওসমানী হাদি হত্যার বিচার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি, বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে এনসিপি।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর