সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ছায়াতেই রয়ে গেছে জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’?

মুহা. তারিক আবেদীন ইমন
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

শেয়ার করুন:

ছায়াতেই রয়ে গেছে জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’?
দীর্ঘদিন ধরে আলোচনায় জামায়াতে ইসলামীর ছায়া মন্ত্রিসভা। ছবি সম্পাদনা: এআই
  • কবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে, তা এখনো অনিশ্চিত
  • আনুষ্ঠানিক ঘোষণা না হলেও চলছে কার্যক্রম, ঘোষণার প্রস্তুতি
  • বিশেষজ্ঞদের যুক্ত করে গবেষণাভিত্তিক কাঠামো গড়তে চায় জামায়াত
  • প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী রাখার পরিকল্পনা
  • শুধু সমালোচনা নয়, বিকল্প নীতি তুলে ধরতে চায় বিরোধী দল
  • যুক্তরাজ্যে সবচেয়ে বেশি পরিচিত ছায়া মন্ত্রিসভার চর্চা
  • অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডেও রয়েছে এ ব্যবস্থা

জামায়াতে ইসলামীর ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এসেছে কয়েক মাস আগে। দলের শীর্ষ নেতাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বও বণ্টন করা হয়েছে। চলছে সদস্যদের প্রশিক্ষণ, মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম পর্যালোচনা ও বিকল্প নীতি প্রস্তাব তৈরির কাজ। তবে এখনো প্রকাশ করা হয়নি পূর্ণাঙ্গ তালিকা। কবে নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা আসবে, সেটিও নিশ্চিত নয়। ফলে ছায়া মন্ত্রিসভা নিয়ে আলোচনা থাকলেও এর পূর্ণাঙ্গ কাঠামো এখনো রয়ে গেছে আড়ালে।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ছায়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হিসেবে রাখা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলনকে।

তবে এসব দায়িত্ব বণ্টনের বিষয়ে দল আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। ফলে কোন নেতার ওপর কোন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, তা এখনো দলীয় সূত্রের দেওয়া তথ্যের মধ্যেই সীমাবদ্ধ। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, ছায়া মন্ত্রিসভার কার্যক্রম এগিয়ে চলছে এবং যথাসময়ে সদস্যদের নাম ঘোষণা করা হবে।

গত ২৪ আগস্ট রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়টি সামনে আনেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, দলের পক্ষ থেকে এরই মধ্যে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমও চলছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সে সময় জামায়াতের নেতারা জানান, দলের নির্বাহী কমিটির সদস্যদের সিদ্ধান্তে গত মাসে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নির্দিষ্ট সময়ে এর সদস্যদের নাম প্রকাশ করা হবে।

ছায়া মন্ত্রিসভায় কারা রয়েছেন—এ বিষয়ে তখন বলা হয়, দলের শীর্ষ নেতাদের নিয়ে এ কাঠামো গঠন করা হয়েছে। সংগঠনের অনেক জ্যেষ্ঠ নেতা রয়েছেন, যারা সংসদ সদস্য নন, তারাও ছায়া মন্ত্রিসভার সঙ্গে যুক্ত আছেন। মূলত সরকারকে জবাবদিহির আওতায় আনতেই এই কাঠামো গঠন করা হয়েছে।

দলীয় সূত্রের দাবি, গত মাসে অনেকটা নীরবে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়। এরপর থেকে সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, সংশ্লিষ্ট বাজেট এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা শুরু করেছেন। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে বিকল্প নীতিপ্রস্তাব তৈরির কাজও চলছে।

জামায়াতের পরিকল্পনা অনুযায়ী, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ভিত্তিক আলাদা দলও গঠন করা হবে। এসব দল ওই খাতের নীতি, সিদ্ধান্ত, বাজেট ও কর্মকাণ্ড বিশ্লেষণ করবে। প্রয়োজনে উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বণ্টন করা হতে পারে। অর্থাৎ শুধু মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াই নয়, প্রতিটি খাতের জন্য বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করে একটি পর্যবেক্ষণ ও নীতিপ্রস্তাব তৈরির কাঠামো গড়ে তুলতে চায় দলটি। ইতোমধ্যে চলতি অর্থবছরের বাজেট পেশের সময় ছায়া বাজেট পেশ করেছে জামায়াত।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা মেইলকে বলেন, ছায়া মন্ত্রিসভার কাজ চলমান রয়েছে। এরই মধ্যে বিভাগগুলো ভাগ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের মধ্যে বৈঠক করছেন। যথাসময়ে ঘোষণা করা হবে। তবে কবে নাগাদ ঘোষণা আসবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

একই কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি ঢাকা মেইলকে বলেন, সময় হলে ছায়া মন্ত্রিসভার ঘোষণা দেওয়া হবে। ঘোষণা হলে সবাই জানতে পারবেন।

এর আগে ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের চিন্তা থাকলেও শেষ পর্যন্ত দলীয়ভাবেই এ কাঠামো তৈরি করেছে জামায়াত। এতে দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের যুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

ছায়া মন্ত্রিসভা কী, কীভাবে কাজ করে

ছায়া মন্ত্রিসভা মূলত সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের একটি বিকল্প নীতিনির্ধারণী ও নজরদারি কাঠামো। সাধারণত সরকারের মন্ত্রিসভার আদলে বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। সরকারের যে মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী থাকেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভায় সাধারণত সেই মন্ত্রণালয়ের বিপরীতে একজন ছায়া মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র থাকেন।

ছায়া মন্ত্রিসভার সদস্যরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি, পরিকল্পনা, বাজেট, প্রকল্প ও সিদ্ধান্ত পর্যালোচনা করেন। সরকারের নেওয়া সিদ্ধান্তের যৌক্তিকতা, বাস্তবায়নের অগ্রগতি এবং জনস্বার্থে তার প্রভাব বিশ্লেষণ করেন। কোনো সিদ্ধান্তে দুর্বলতা বা অসংগতি থাকলে তা তুলে ধরেন এবং বিকল্প নীতি বা প্রস্তাব দেন। সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীকে প্রশ্ন করা, বিতর্কে অংশ নেওয়া এবং সরকারের ব্যর্থতা বা সীমাবদ্ধতা নিয়ে যুক্তিভিত্তিক সমালোচনা করাও তাদের দায়িত্বের অংশ।

এ কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো বিরোধী দলকে সম্ভাব্য বিকল্প সরকার হিসেবে প্রস্তুত করা। অর্থাৎ নির্বাচনে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হলে কোন নেতা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, সংশ্লিষ্ট খাতের নীতি কী হবে এবং কীভাবে সরকার পরিচালনা করা হবে—সে বিষয়ে আগাম প্রস্তুতি নেওয়া। এর মাধ্যমে বিরোধী দলের নেতারা নিজ নিজ খাত সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। একই সঙ্গে জনগণের সামনে সরকারের পাশাপাশি একটি বিকল্প নীতি ও নেতৃত্বের দলও তুলে ধরা সম্ভব হয়।

তবে ছায়া মন্ত্রিসভা কোনো সাংবিধানিক বা সরকারি প্রতিষ্ঠান নয়। এর সদস্যরা প্রকৃত মন্ত্রী নন এবং সরকারি মন্ত্রণালয় পরিচালনা, সরকারি অর্থ ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা তাদের থাকে না। এটি মূলত বিরোধী দলের নিজস্ব রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামো। এর কার্যকারিতা নির্ভর করে তথ্য-উপাত্তভিত্তিক বিশ্লেষণ, সংসদে সক্রিয় ভূমিকা, বিকল্প নীতি প্রণয়ন এবং জনসমক্ষে সরকারের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতার ওপর।

যেসব দেশে প্রচলিত ছায়া মন্ত্রিসভা

ছায়া মন্ত্রিসভার ধারণাটি সবচেয়ে বেশি পরিচিত যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায়। দেশটির পার্লামেন্টে প্রধান বিরোধী দলের নেতা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেন। এর সদস্যরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের কার্যক্রম অনুসরণ করেন, সংসদে তাদের প্রশ্ন করেন এবং নিজ নিজ খাতে বিরোধী দলের নীতি ও বিকল্প প্রস্তাব তুলে ধরেন। যুক্তরাজ্যে ছায়া মন্ত্রিসভাকে সম্ভাব্য বিকল্প সরকার হিসেবেও বিবেচনা করা হয়।

অস্ট্রেলিয়াতেও ছায়া মন্ত্রিসভা বা ‘শ্যাডো মিনিস্ট্রি’ সংসদীয় বিরোধী দলের গুরুত্বপূর্ণ কাঠামো। দেশটির পার্লামেন্টের কার্যপ্রণালিবিষয়ক নথি অনুযায়ী, বিরোধীদলীয় নেতা দলের সদস্যদের মধ্য থেকে ছায়া মন্ত্রী নির্বাচন বা মনোনয়ন দেন। প্রত্যেক ছায়া মন্ত্রী এক বা একাধিক সরকারি মন্ত্রণালয়ের দায়িত্বের বিপরীতে কাজ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দলের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখেন।

কানাডাতেও প্রধান বিরোধী দলগুলোর মধ্যে ছায়া মন্ত্রিসভার আদলে দায়িত্ব বণ্টনের প্রচলন রয়েছে। সেখানে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিরোধীদলীয় সদস্যদের অনেক ক্ষেত্রে ‘ক্রিটিক’ বলা হয়। তারা সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন, মন্ত্রীদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন এবং বিকল্প নীতি প্রস্তাব করেন।

নিউজিল্যান্ড ও মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশেও বিরোধী দলগুলো ছায়া মন্ত্রিসভা বা এ ধরনের দায়িত্বভিত্তিক কাঠামো গঠন করে। তবে সব দেশে এর নাম, গঠনপ্রক্রিয়া ও কার্যপরিধি এক নয়। কোথাও পুরো মন্ত্রিসভার আদলে দায়িত্ব বণ্টন করা হয়, আবার কোথাও নির্দিষ্ট খাতের জন্য বিরোধী দলের মুখপাত্র বা সমালোচক নিয়োগ করা হয়।

জামায়াতের উদ্যোগ কতটা কার্যকর হবে

বাংলাদেশে জামায়াতের ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগকে বিরোধী রাজনীতিতে নতুন ধরনের কাঠামোগত প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। প্রচলিত ধারায় বিরোধী দলের ভূমিকা অনেক সময় সংসদে সরকারের সমালোচনা, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকে। এর বাইরে মন্ত্রণালয়ভিত্তিক গবেষণা, বাজেট বিশ্লেষণ, সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ এবং বিকল্প নীতি প্রস্তাব তৈরির উদ্যোগ বিরোধী দলের সংসদীয় ভূমিকা আরও কার্যকর করতে পারে।

তবে শুধু দায়িত্ব বণ্টন বা নাম ঘোষণার মধ্যেই ছায়া মন্ত্রিসভার কার্যকারিতা সীমাবদ্ধ থাকলে এর প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য-উপাত্ত সংগ্রহ, খাতভিত্তিক বিশেষজ্ঞদের যুক্ত করা, নিয়মিত প্রতিবেদন তৈরি, সংসদে সেসব তথ্য তুলে ধরা এবং সরকারের কাছে বিকল্প প্রস্তাব উপস্থাপনের সক্ষমতা তৈরি করতে হবে।

জামায়াতের নেতাদের বক্তব্য অনুযায়ী, তাদের ছায়া মন্ত্রিসভায় সংসদ সদস্যদের পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতা, বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্রশিবির নেতারাও যুক্ত রয়েছেন। ফলে দলটি শুধু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দায়িত্ব ভাগ না করে একটি বিস্তৃত নীতি ও গবেষণাভিত্তিক দল গঠনের পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর