জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, মাতারবাড়ি চুক্তি ও প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করতে হবে।’
মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিরোধী দলের সংসদ সদস্যদের এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ি চুক্তি এবং মাতারবাড়ি প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করা ও দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারের ডিলার নিয়োগ, সংবিধান সংশোধন এবং জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।’
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদীরা সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে। ’ ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এমএইচএইচ/এএম




