ক্ষমতাচ্যুত শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরবেন না, তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তার মতে, ‘ভারতে অবস্থান করে শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার পদক্ষেপ দেশে ফেরার প্রকৃত উদ্যোগ নয়; বরং এর মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়া, আওয়ামী লীগে নিজের নেতৃত্ব ধরে রাখা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’
সোমবার (৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় শেখ হাসিনার পাসপোর্ট আবেদন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার পেছনে তিনটি সম্ভাব্য কারণ তুলে ধরেন এহসানুল মাহবুব জুবায়ের। প্রথম কারণ হিসেবে তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যের সত্যতা প্রতিষ্ঠার জন্য তিনি একটি প্রক্রিয়া বা আবহ তৈরির চেষ্টা করছেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন, দেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন এবং আইনের প্রতি অনুগত রয়েছেন। অথচ এর মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।’
দ্বিতীয় কারণ ব্যাখ্যা করে জুবায়ের বলেন, ‘শেখ হাসিনা হঠাৎ করে দলীয় নেতাকর্মীদের ফেলে ভারতে চলে গেছেন। এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এখন দেশে ফেরার চেষ্টা করছেন—এমন একটি দৃশ্যমান প্রক্রিয়া দেখিয়ে তিনি হতাশ নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।’
তৃতীয় কারণ হিসেবে জামায়াতের এই নেতা মনে করেন, শেখ হাসিনা যদি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, তিনি আর দেশে ফিরবেন না, তাহলে আওয়ামী লীগে নতুন কাউকে সভাপতি বা শীর্ষ নেতা করতে হবে। সে কারণে ‘আমি আছি, আমি ফিরে আসছি’—এমন বার্তা জিইয়ে রেখে তিনি দলটির শীর্ষ পদ নিজের নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়েছেন।’
জুবায়ের বলেন, ‘হাসিনাকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে। এ জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি কাজে লাগানোর পাশাপাশি প্রয়োজনে আন্তর্জাতিক আইনি সংস্থা, জাতিসংঘ ও ইন্টারপোলের সহায়তা নিতে হবে।’
যেকোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।
হাসিনার অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে জুবায়ের বলেন, ‘দায়িত্বশীল পদে থেকেও তিনি অতীতে বহু বিভ্রান্তিকর ও প্রতারণামূলক কর্মকাণ্ড করেছেন, যা রাজনৈতিকভাবে হাস্যকর ছিল। মানুষকে অস্থির রাখা এবং বিভ্রান্তি ছড়ানো তার রাজনৈতিক চরিত্রের অংশ।’
এছাড়া সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও বিভিন্ন তৎপরতার পেছনে প্রশাসনের দুর্বলতা এবং গত ১৬ বছরে দলীয় বিবেচনায় নিয়োগের প্রভাব রয়েছে বলে দাবি করেন জুবায়ের। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতি সুবিচার নিশ্চিত করার কথা উল্লেখ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
টিএই/এএইচ




