সরকারের ওপর ভরসা না করে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্টদের প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, পলাতক আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের উদ্যোগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও আবারও ছাত্র সংগঠনগুলোকে রাজপথে নামতে হচ্ছে। সন্ত্রাসীদের আটক করা, স্লোগান দেওয়া ও রাত জেগে রাজপথ পাহারা দেওয়ার দায়িত্বও নিতে হচ্ছে তাদের।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত। পোস্টে তিনি সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, চালক নিহত হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল হামলার ঘটনা তুলে ধরে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের দাবির সমালোচনা করেন।
হাসনাত লেখেন, ‘কাল সারারাত ককটেল সন্ত্রাসের পর শেষ রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করেছে নিষিদ্ধ ফ্যাসিস্টরা। আর দিনের আলোতে ককটেল হামলা করে রক্তাক্ত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। জুলাইয়ে সমন্বয়কের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা করে, সেই হামলার ভিডিও পর্যন্ত প্রকাশ করেছে দম্ভ ভরে।’
এসব ঘটনার পরও যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের পক্ষে কথা বলছেন, তাদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আর কত রক্ত, আর কত আগুন, আর কত সন্ত্রাস আপনাদের লাগবে আওয়ামী লীগের আসল রূপ জানতে?’
পোস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে এনসিপির এই নেতা লেখেন, একটি দল গণহত্যা করে মাত্র ২০ দিনে দুই হাজার মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। সেই হত্যাকাণ্ডের রক্তের দাগ এখনো শুকায়নি। হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি থাকার পরও দলটির রক্তের তৃষ্ণা মেটেনি বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও সহিংসতার উদ্দেশ্যে লগি-বৈঠা, দা ও কুড়াল নিয়ে রাস্তায় নেমেছে।
হাসনাত বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতাপ বা ভালো-মন্দের বোধ নেই; তারা শুধু রক্ত চেনে। অথচ দলটির বিরুদ্ধে আবারও রাজপথে নামতে হচ্ছে। যেখানে বিচারের উদ্যোগ ও প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন ছিল, সেখানে পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষের জানমাল রক্ষার দায়িত্ব পালনের কথা থাকলেও ছাত্র সংগঠনগুলোকে মাঠে থাকতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তরুণ প্রজন্মের ওপর বারবার আন্দোলন ও সংঘাতের চাপের কথা তুলে ধরে তিনি লেখেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের রক্ত দিতে হয়েছে। এখনো কেন তাদের সন্ত্রাসীদের মোকাবিলা করতে রাজপথে নামতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
পোস্টে ক্ষমতা ও পদ-পদবি বণ্টন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হাসনাত। তার ভাষ্য, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিরোধে আগের ১৭ বছর নির্যাতিত এবং জুলাই-আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা সাধারণ তরুণ-তরুণীরাই আবার রাজপথে নেমেছেন। অথচ ক্ষমতা ও পদ-পদবির ক্ষেত্রে তাদের জায়গা হয় না; সেখানে বিভিন্ন দেশ থেকে আসা ‘নেপোকিডদের’ প্রাধান্য দেখা যায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও লেখেন, জুলাইয়ের দুটি বাস্তবতা মাথায় রাখতে হবে—একদিকে ‘নেপোকিডদের’ ক্ষমতা, অন্যদিকে জনতা। গত দুই দিনে সরকারের ভূমিকা ও সক্ষমতা বোঝা গেছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের আশায় থেকে লাভ নেই; প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে।
দুই হাজারের বেশি শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা কোনো ‘চোর, লুটেরা ও সন্ত্রাসীর’ কাছে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
পোস্টের শেষাংশে শহীদ ওসমান বিন হাদীর বক্তব্য ‘জান দেব, কিন্তু জুলাই দেব না’ উল্লেখ করে তিনি লেখেন, ‘এই দেশের মাটি হাজারো শহীদের রক্তে রঞ্জিত পবিত্র মাটি। এই মাটিকে এক মুহূর্তের জন্যও আমরা কোনো গণহত্যাকারী, পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ।’
টিএই/এএইচ




