পোশাকশ্রমিকদের আন্দোলনে উত্তেজনা সৃষ্টি করে ধোঁয়াশার মধ্যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এসব ঘটনা ফ্যাসিবাদের সঙ্গে গুপ্ত রাজনীতির সম্পর্কের বিষয়টি আবারও সামনে এনেছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
পোশাকশিল্পের অস্থিরতার ঘটনাকে রাজনৈতিকভাবে মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি থাকতে পারে এবং সেসব দাবি নিয়ে আলোচনা হয়েছে। এরপরও কারখানা ভাঙচুর, পুলিশ বক্সে ও গাড়িতে আগুন এবং শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তা এক করে দেখার সুযোগ নেই। শ্রমিকদের সংকটের সমাধান হওয়ার পরও যারা এ ধরনের সহিংসতা ঘটাচ্ছে, তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা প্রয়োজন।
রুহুল কবির রিজভী বলেন, এসব ঘটনায় উসকানিদাতাদের অনেকে গ্রেফতার হয়েছেন। তাদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলীগের নেতা। কোন কোন কারখানার মালিকেরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, সেটিও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে বলে দাবি করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি পোশাকশিল্পে সম্ভাব্য অস্থিরতা নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে তার প্রতিফলন দেখা যাচ্ছে কি না- এমন প্রশ্নে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিভিন্ন সূত্রে আরও বেশি তথ্য পৌঁছায়। তার আশঙ্কার কিছু প্রতিফলন সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা যাচ্ছে।
বিরোধী দলগুলোর উদ্দেশে বলেন, আগুনে ঘি ঢেলে উত্তেজনা সৃষ্টি করে ধোঁয়াশার মধ্যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা উচিত নয়। এ ধরনের উসকানিতে পরিস্থিতি আরও ছড়িয়ে পড়তে পারে। এর আঁচ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর গায়েও লাগতে পারে।
রিজভী আরও বলেন, এসব ঘটনা ফ্যাসিবাদের সঙ্গে গুপ্ত রাজনীতির সম্পর্কের বিষয়টি আবারও সামনে এনেছে। সরকার দৃঢ়তার সঙ্গে বিশৃঙ্খলা ও অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। জনগণও যেকোনো অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত।




