ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
স্মৃতিচারণা করে রাশেদ খান বলেন, শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। নুরুল হক নুরকে আদালতে তোলার জন্য আনা হয়। বৃষ্টির কারণে দুজন সাংবাদিক ছাড়া বাকিরা বারান্দায় ও এদিক-সেদিক অবস্থান নেন।
তিনি লেখেন, পুলিশ নুরুল হক নুরকে যখন লিফটে তুলবে, তখন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু নুরুল হক নুরকে প্রশ্ন করে বলেন, নুর ভাই, আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে? তখন নুরুল হক নুর বলেন, শেখ হাসিনার ৯০ শতাংশ পতন হয়ে গেছে, ১০ শতাংশ ধাক্কা দাও।
তিনি বলেন, ভিডিওটি সমকালের পেজ থেকে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সব গণমাধ্যম এই ভিডিও প্রচার করে। জাতি পায় নতুন শক্তি, সাহস ও নির্দেশনা। আজকের দিনে হয়তো কিছু মানুষের কাছে এই বক্তব্যের গুরুত্ব নেই। কিন্তু গণঅভ্যুত্থানের সময় এটিই ছিল সবচেয়ে সাহসী ও ক্ষুরধার বক্তব্য।
রাশেদ খান বলেন, অনেকে এই বক্তব্য শুনেছেন, কিন্তু পেছনের গল্প জানেন না। পেছনের সেই গল্প সৃষ্টির নায়ক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু। অত্যন্ত অমায়িক ও ভালো ছেলে সে। তাকে কখনো রাগতে দেখিনি। সব সময় পরিপাটি থাকে। পোশাক-আশাকে যেমন পরিপাটি, আচরণ, কথাবার্তা ও ব্যবহারেও তেমনই পরিপাটি ও মৃদুভাষী।
তিনি বলেন, ছেলেটির এক হাতে জন্মগতভাবে ত্রুটি আছে। এটি তাকে কখনো কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। বরং স্বাভাবিক অনেকের চেয়ে তার ক্যামেরা ধরার স্টাইল ও ভিডিও এডিটিং সুন্দর। আমি তার সাংবাদিকতা জীবনের সফলতা কামনা করি। তাকে যেভাবে দোষারোপ করে অপদস্থ করা হয়েছে, আমি এই ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা রাজুর সঙ্গে আছি, ইনশাআল্লাহ।
এসএইচ/এআর




