রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা খেলাফত আন্দোলনের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা খেলাফত আন্দোলনের
আল্লামা আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতী ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত

রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে দেওয়া এক বিবৃতিতে দলটির প্রধান আমিরে শরিয়ত আল্লামা আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতী ফখরুল ইসলাম বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো যেকোনো হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে। আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং বেসামরিক মানুষের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

নেতৃবৃন্দ আরও বলেন, বাইতুল্লাহ শরিফ, মসজিদে নববী ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারক শুধু সৌদি আরবের নয়, বরং মুসলিম বিশ্বের সব মুসলমানের সম্পদ। এসব গুরুত্বপূর্ণ স্থাপনা হুতিদের হামলা থেকে রক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া উচিত।

এ ছাড়া গতকাল রিয়াদে হামলার ঘটনায় ঢাকার কামরাঙ্গীরচরের রবিউল উলুম মাদরাসার কয়েকজন শিক্ষক নিখোঁজ ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন নেতৃবৃন্দ। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করতে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর