মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নেপালে আকস্মিক বন্যায় বহু হতাহতে জামায়াতের সমবেদনা, শোকবইয়ে স্বাক্ষর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

নেপালে আকস্মিক বন্যায় বহু হতাহতে জামায়াতের সমবেদনা, শোকবইয়ে স্বাক্ষর
নেপাল দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ঢাকাস্থ নেপাল দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দলের পক্ষ থেকে নেপাল দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নেপাল সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবইয়ে স্বাক্ষর শেষে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াত সেক্রেটারি। এ সময় রাষ্ট্রদূত সাম্প্রতিক দুর্যোগ ও প্রাণহানির বিষয়ে তাকে অবহিত করেন। দুর্যোগের শুরু থেকেই জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা ও সহানুভূতি প্রকাশ করায় তিনি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকেও নেপালের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নেপালের জনগণের এই কঠিন ও শোকাবহ সময়ে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেপালের জনগণের পাশে রয়েছে।’ তিনি নেপাল সরকার, উদ্ধারকারী দল ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় সব মানবিক উদ্যোগের সাফল্য কামনা করেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন কঠিন সময়ে একে অপরের পাশে থাকার যে মানবিক ঐতিহ্য দুই দেশের মধ্যে রয়েছে, এই দুঃসময়ে তা আরও সুদৃঢ় হবে।’

এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে একটি হিমবাহের অংশ ধসে পড়ার পর ব্যাপক বন্যা, কাদা ও পাথরের স্রোতে সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। নেপালের রসুয়া জেলাসহ বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর