মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

দাবি না মানলে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

দাবি না মানলে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না: পরওয়ার
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছে (সিইসি) কিছু দাবি নিয়ে এসেছিলাম। এসব দাবি মানতেই হবে। নইলে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে দলটি ছয় সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। 

ইসির পক্ষ থেকে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, ইসি আনোয়ারুল ইসলাম সরকার ও  ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, সিইসির কাছে আমরা কয়েকটি দাবি নিয়ে ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তফসিলের প্রসঙ্গে আজকের বৈঠকে আসা। কিছু দাবি আগেও ইসিকে জানানো হয়। সেগুলোর ফলোআপ, কতটুকু এগোলো তা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, কমিশন তাদের একটি মিটিংয়ে অনুমোদন দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এটা বাতিল করতে বলেছি। এটি সংবিধানের আর্টিকেল ২৭, ২৮ এ উল্লেখ করা সমতা ও বৈষম্যহীনতার পরিপন্থী। এটি সংবিধানের লঙ্ঘন। রাজনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিষিদ্ধ এমন দলের কাউকে (পদবী হোল্ড করছেন) নির্বাচনে রাখা যাবে না বলে আমরা জানিয়েছি।

তিনি বলেন, ইসিতে সম্প্রতি নিয়োগ পাওয়া শামসুল আলম সরাসরি একটি রাজনৈতিক দলের সদস্য। তাকে এডিশনাল সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটিও সংবিধানের লঙ্ঘন। ইসি তাদের ব্যবস্থা জানাবে বলেছে। এও বলেছে নিয়োগ দেওয়ার এখতিয়ার তাদের (ইসির) নেই। সিটি করপোরেশন, জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। যাতে নির্বাচনের আগের সময়ে তারা মাঠ তৈরি করতে পারে। এটার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তফসিল ঘোষণার পর তারা পদত্যাগ করলেও হবে না। যারা প্রশাসক তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে বলে আমরা দাবি জানিয়েছি। মন্ত্রী এমপিরা যেন স্থানীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে না পারে সেটিও বলেছি আমরা।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১১ দলীয় ঐক্য হয়েছে শুধু জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় সরকার নির্বাচনে জোটের শরিকদের সঙ্গে সংঘাত হবে না। 

গোলাম পরওয়ার আরও বলেন, ‘নির্বাচন বর্জনের মতো কথা বলার সময় এখনো আসেনি। আমরা এখনো আস্থাশীল। তবে আমাদের পর্যবেক্ষণ হলো, ক্ষমতায় যেহেতু দলীয় সরকার রয়েছে, নির্বাচন কমিশনের ওপর কোথাও কোথাও চাপ রয়েছে। তাদের সঙ্গে কথা বললে মনে হয়, কিছু বিষয় তারা মন খুলে বলতে পারছেন না।’

তিনি বলেন, স্থানীয় শাখাগুলোকে প্রার্থী বাছাই ও নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে নির্বাচন নির্দলীয় হওয়ায় দলীয়ভাবে কোনো প্রার্থী ঘোষণা করা হবে না। প্রার্থীরা ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নেবেন।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর