শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

১৫ আগস্ট ঘিরে জাসদের কর্মসূচি, কার্যালয়ে অবস্থান পুলিশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

১৫ আগস্ট ঘিরে জাসদের কর্মসূচি, কার্যালয়ে অবস্থান পুলিশের
সংগৃহীত ছবি

১৯৭৫ সালের এই দিনে দেশের ইতিহাসে কলঙ্কময় হত্যাযজ্ঞ তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীর কর্মসূচি কেন্দ্র করে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছে পুলিশ।

দলের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন বিকেল ৪টার দিকে বলেন, কার্যালয়ে দলীয় কর্মসূচি পণ্ড করতে এবং ভবনটি তালাবদ্ধ করার জন্য পুলিশ সেখানে অবস্থান নিয়েছে।

জানতে চাইলে পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, আমরা শুনতে পেরেছি তারা সেখানে কোনো প্রোগ্রাম করবে; কিন্তু সেখানে কোনো ধরনের প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদের কাছে কোনো অনুমতি নাই।

সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এটা ডেপ্লয়মেন্ট না, কোনো প্রোগ্রাম ঘিরে যাতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।

এদিন বিকেল ৫টায় তোপখানা রোডের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রেখেছিল বাংলাদেশ জাসদ।

১৫ আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের ‘তীব্র নিন্দা’ জানিয়ে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি বলেছিল, ‘বাংলাদেশের ইতিহাসে এমন বর্বর ঘটনা এক অমোচনীয় কলঙ্ক হিসেবেই থেকে যাবে। দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও গণতন্ত্র নিশ্চিত করার মাধ্যমেই জাতির এ কলঙ্ক দূর করা সম্ভব।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল।

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো।

২০২৪ সালে ‘জাতীয় শোক দিবস’ হিসাবে ১৫ আগস্টের ছুটি বাতিল ঘোষণা করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা বিএনপি সরকারও ছুটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর