কেউ অন্যায় মানলেও তিনি মানতে পারবেন না বলে সাফ জানিয়ে দিলেন জুলাই বিপ্লবী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নারীরুদ্দীন পাটওয়ারী। আরও বললেন, ‘দেশটা মগের মুল্লুক নয় যে অন্যায় মেনে নেব।’
বুধবার (২২ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পাটওয়ারীর প্রশ্ন, ‘যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে খুনি হাসিনার পতন ঘটানো হয়েছে, সেই একই ফ্যাসিবাদী ব্যবস্থাই যদি আজ তারেক রহমানের নেতৃত্বে আবার জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, তাহলে আমরা কেন নীরব থাকব?’
তিনি বলেন, ‘১,৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যদি সংস্কার বাস্তবায়ন না করে আবার মুজিববাদী কুসংস্কার ও পুরোনো শাসনব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়াই আমাদের দায়িত্ব।’
এনসিপি নেতার সাফ কথা, ‘যিনি ৭০ শতাংশ মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে রাজনৈতিক সমঝোতার পথ বেছে নেন, তাঁর সঙ্গে আপস কেন? আমরা কোনো মগের মুল্লুকে বাস করি না যে অন্যায়কে মেনে নেব। কেউ মেনে নিলেও, দুঃখিত, আমি অন্যায়ের সঙ্গে আপস করতে পারব না।’
তার দাবি, ‘সংস্কার বাস্তবায়ন করতেই হবে। এর কোনো বিকল্প নেই। শহীদের রক্তের মর্যাদা রক্ষা করতে হলে নতুন বাংলাদেশের ভিত্তি হতে হবে ন্যায়, জবাবদিহি ও গণতান্ত্রিক সংস্কারের ওপর।’
সবশেষে পাটওয়ারী তার পোস্টে লেখেন, ‘জান দেবো, জুলাই দেবো না। ইনকিলাব জিন্দাবাদ।’
প্রসঙ্গত, সাহসী মন্তব্যের জন্য চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মুখসারির এই যোদ্ধার জুড়ি নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ সরকার দলীয় বেশ কয়েকজন মন্ত্রী-এমপিকে তিনি কথার তিরে বিদ্ধ করেছেন।
বিভিন্ন সময়ে করা পাটওয়ারীর এই মন্তব্যের জন্য তিনি ব্যাপকভাবে বিতর্কিত হয়েছেন, তার ওপর হামলা হয়েছে, ডিম নিক্ষেপ হয়েছে, এমনকি থানায় অভিযোগও দায়ের হয়েছে। এত কিছু পরও যেন অদম্য নাসীরুদ্দীন পাটওয়ারী।
এএইচ



