শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সংস্কার না হলে বিএনপি সরকারের পতন ঘটাবো: পাটওয়ারী

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

সংস্কার না হলে বিএনপি সরকারের পতন ঘটাবো: পাটওয়ারী
নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: প্রতিবেদক

সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটনো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচীতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে পাটওয়ারী এসব বলেন। এতে সভাপতিত্ব করেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন-বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি। কারণ আমরা একটা সভ্য বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। এই সুযোগে কেউ যদি বেশি লাফ দেওয়া শুরু করেন, কীভাবে টেনে নামাইতে হয় আমাদের জানা আছে। আপনাদের যে ভূত এসেছে রামভূত, দিল্লির ভূত, এই চাঁদাবাজির ভূত আমরা ইনশাআল্লাহ নামায়ে ফেলবো। 

 

 

পাটওয়ারী বলেন, বাংলাদেশে খুনি শেখ হাসিনা ১৪০০ লোককে হত্যা করে পালিয়েছে। তার আমরা এখনো বিচার করতে পারি নাই। অনেক মেনন, ইনু, সন্ত্রাসী যারা আছে দীপু মনিরা, তারা এখন জেলে আছে। তাদেরকে আমরা বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে চাই। আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। এই বিচার চাওয়া কি আমাদের অপরাধ? আমরা কাউকে ভয় পাই না।

এনসিপির এই মূখ্য সমন্বয়ক বলেন, দক্ষিণ বঙ্গে বন্যা হচ্ছে। ৩৯ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের একটা মন্ত্রণালয় রয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় যিনি মন্ত্রী, তাকে শুধু নির্বাচনের আগেই খুঁজে পাওয়া গেছে। নির্বাচনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাইনি। টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক। নির্বাচনের আগে আপনাদের কাছে এসে এইটা করব, সেইটা করব, উন্নয়ন করব।’ ইলেকশনের পরে এদেরকে পাওয়া যায় নারীর সঙ্গে, মদের আড্ডায়। এরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত।

পাটওয়ারী বলেন, ভারতের গেরুয়া সন্ত্রাস বিজেপি, আরএসএস যে গুন্ডা বাহিনী যা আছে আমরাও তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ৪৭-এ আজাদীর লড়াই করেছে। ৭১-এ যুদ্ধ করেছে। ৯০-এ করেছে, ২৪-এ করেছে। তোমাদের যত ষড়যন্ত্র, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে। বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবুও আমরা কখনোই ভারতের সেবাদাস বা গোলাম হব না।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্যান্যরা বক্তব্য দেন।

প্রতিনিধি/ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর