অপ্রাসঙ্গিক আলোচনা ও সময় অপচয়ের মাধ্যমে জাতীয় সংসদকে ‘বিনোদন কেন্দ্রে’ রূপান্তরের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম।
শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে আহমদ আবদুল কাইয়ূম বলেন, দেশের সাধারণ মানুষ কঠোর পরিশ্রম করে উপার্জন করেন এবং প্রবাসীরা পরিবার-পরিজন থেকে দূরে থেকে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। জনগণের দেওয়া করের অর্থেই রাষ্ট্র পরিচালিত হয়। অথচ জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর থেকে নানা অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক আলোচনার কারণে জনগণের অর্থের অপচয় হচ্ছে।
বিজ্ঞাপন
আহমদ আবদুল কাইয়ূম বলেন, সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা। সেখানে জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক অধিবেশনগুলোর কার্যক্রম দেখে মনে হচ্ছে, সংসদকে কার্যকর আইনসভা হিসেবে পরিচালনার পরিবর্তে এটিকে বিনোদনের স্থানে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।
আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, সংসদ সদস্যদের মনে রাখা উচিত যে জাতীয় সংসদের অধিবেশনের প্রতি মিনিট পরিচালনায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। জনগণ তাদের প্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় সম্পদ ও দায়িত্ব আমানত হিসেবে দিয়েছে। তাই সেই দায়িত্ব পালনে আরও সচেতন ও জবাবদিহিমূলক ভূমিকা প্রত্যাশা করে জনগণ।
বিজ্ঞাপন
বিবৃতিতে অভিযোগ করা হয়, অপ্রাসঙ্গিক আলোচনার কারণে দেশের গুরুত্বপূর্ণ ও জনসম্পৃক্ত অনেক বিষয় আড়ালে থেকে যাচ্ছে। সংসদকে আরও কার্যকর, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ইসলামী আন্দোলন নেতা সংসদের কার্যক্রমে শৃঙ্খলা ও গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপও কামনা করেন।
এমআর/ক.ম




